ক্রেতা নেই ব্যবসা অচল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা থেকে রওনা হয়ে পাঁচ দিনে গাড়ি এল রাজশাহীতে। গাড়িতে যে মাল এল তা কেনার ক্রেতা আসছেন না। দোকানের কর্মচারীরা প্রায় বসে আছেন। হরতালে তাঁরা ঘর খুলতে পারেন না। অবরোধে শুধু খুলেই বসে আছেন। আসলে বাইরের ক্রেতা না এলে শহর অচল। কথাগুলো রাজশাহী নগরের সওদাগর হার্ডওয়্যারের ব্যবস্থাপক রফিকুল ইসলামের।
নগরের টাইলস বিক্রেতা প্রতিষ্ঠান পলল শিলা টাইলসের কর্মচারীদের গতকাল শনিবার দোকানের বাইরে বসে থেকে রোদ পোহাতে দেখা গেল। প্রতিষ্ঠানের ব্যবস্থাপক পঙ্কজ পাণ্ডে বলেন, মাসের ১৭ দিন যাচ্ছে, মালের একটি চালানও আসেনি। মাল আনার জন্য গাড়ি ভাড়া পাওয়া যাচ্ছে না। কেউ ঝুঁকি নিয়ে আসতে চাইলেও চার হাজার টাকার ভাড়া ১৫ হাজার টাকা হাঁকছেন। আর মাল এনেও কোনো লাভ হবে না।
উডল্যান্ড বিজনেস সেন্টারের মালিক আনোয়ার হোসেন দরজার পর্দা ও সোফার কুশন বিক্রি করেন। গতকাল বিকেলে তাঁর দোকানে গিয়ে দেখা যায়, তিনি চুপচাপ বসে আছেন। বললেন, ‘হরতালের সঙ্গে অবরোধের খুব একটা পার্থক্য নেই। হরতালে দরজা খোলা যায় না। এখন খুলে বসে আছেন। কোনো দিন একটা খদ্দের আসেন। কোনো দিন আসেন না।’ নগরের সোনাদিঘির মোড় এলাকার দোয়েল সিল্কের ব্যবস্থাপক ছটন হালদার বলেন, বাইরের ‘কাস্টমার’ নিয়েই তাঁদের বাহাদুরি। তাঁরা শহরে আসতে পারছেন না। বেচা কেনা নেই।