ক্রেতা বাড়ছে, বিক্রিও সন্তোষজনক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পশুর হাটে বেচাকেনা জমে উঠছে। গতকাল মোহাম্মদপুরের বছিলা হাটে বিক্রির জন্য নিয়ে আসা এই বিশাল আকৃতির গরুগুলো ছিল আগ্রহের কেন্দ্রে l ছবি: সামছুর রহমান
পশুর হাটে বেচাকেনা জমে উঠছে। গতকাল মোহাম্মদপুরের বছিলা হাটে বিক্রির জন্য নিয়ে আসা এই বিশাল আকৃতির গরুগুলো ছিল আগ্রহের কেন্দ্রে l ছবি: সামছুর রহমান

মোহাম্মদপুরের বছিলা বুদ্ধিজীবী সড়কসংলগ্ন পুলিশ লাইনের খালি জায়গায় বসেছে অস্থায়ী পশুর হাট। হাটটি ‘বছিলা হাট’ নামেই বেশি পরিচিত। গতকাল বুধবার হাটে গিয়ে দেখা যায়, পশুর সরবরাহ পর্যাপ্ত। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ক্রেতার উপস্থিতিও বেড়েছে। হাটের ইজারাদার বলছেন, বিক্রিও সন্তোষজনক।

হাটের নিয়ন্ত্রণকক্ষের বিপরীত পাশে উৎসুক মানুষের ভিড়। এক সারিতে পাঁচটি বিশাল আকৃতির ষাঁড় সবার আগ্রহের কেন্দ্রে। বাঁকানো শিংয়ে লাল, নীল, সবুজ রং, গলায় রঙিন মালা দিয়ে সাজানো গরুগুলো এনেছে আপন এগ্রো।

গরুগুলোর ছবি তুলছিলেন আমির হোসেন। তিনি বলেন, ‘এত বড় গরু কোরবানি দেওয়ার সামর্থ্য নেই। কিনব মাঝারি আকৃতির গরু। কিন্তু এতগুলা বড় গরু একসঙ্গে দেখে ভালো লাগছে।’

সিরাজগঞ্জের উল্লাপাড়া থেকে ৪০টি গরু নিয়ে মোহাম্মদপুরের বছিলা হাটে এসেছে এগ্রো মাল্টি ফার্ম। ফার্মের স্বত্বাধিকারীদের একজন আবু রায়হান প্রথম আলোকে বলেন, ‘গতকাল (মঙ্গলবার) শুধু দেখে গেছে। কেনাবেচা সেভাবে হয়নি। তাই দামের বিষয়টি সেভাবে বলা যাচ্ছে না।’

এগ্রো মাল্টি ফার্মের সবচেয়ে বড় গরুটির নাম ‘টিপু সুলতান’। বিক্রেতার দাবি, কম করে হলেও ১৬ মণ মাংস হবে। দাম হেঁকেছেন সাড়ে সাত লাখ টাকা।

বছিলা সড়কের দুই পাশেই পশু নিয়ে দাঁড়িয়ে গেছেন বিক্রেতারা। তাঁদের দাবি, হাটে ক্রেতা কম। আর যে ক্রেতারা আসছেন তাঁরাও আশানুরূপ দাম বলছেন না।

হাটের ইজারাদার শাহ আলম বলেন, ‘ছোট থেকে বড় সব আকৃতির প্রচুর গরু হাটে এসেছে। আশা করছি, আজ ক্রেতাসমাগম বাড়বে।’

ঝিনাইদহ থেকে সাতটি গরু নিয়ে এসেছেন ইয়াকুব আলী। একটি গরু বিক্রি করেছেন। বাকি চারটির মধ্যে সবচেয়ে বড়টির দাম চাইছেন ১ লাখ ৪০ হাজার টাকা।

মোহাম্মদপুর থেকে আসা ক্রেতা সাকেরুল ইসলাম গরুটির দাম ৯৫ হাজার টাকা দিতে চেয়েছেন। তিনি বলেন, ‘গরুর আকৃতি ও আনুমানিক ওজন অনুযায়ী দাম কম বলিনি। কিন্তু বিক্রেতার সম্ভবত আজকে বিক্রির ইচ্ছা নাই। তাই অযথা দাম হাঁকছে।’

গতকাল বিকেলে হাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে আসেন পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক। তিনি হাটের পরিস্থিতি ঘুরে দেখেন।