ক্রেতা-বিক্রেতা সবার ভরসা যখন দালাল!
বগুড়ার শিবগঞ্জ উপজেলার পশুহাটগুলোয় দালালদের উৎপাতে ক্রেতা-বিক্রেতারা অতিষ্ঠ হয়ে পড়েছেন। দালালরা ক্রেতা-বিক্রেতা উভয়ের কাছ থেকে হাতিয়ে নিচ্ছেন ইচ্ছেমতো টাকা। বর্তমানে দালাল ছাড়া পশু কেনাবেচা এক রকম অসম্ভব হয়ে পড়েছে।গত কয়েক দিনে উপজেলার মহাস্থান, বুড়িগঞ্জ ও শিবগঞ্জ হাট ঘুরে দেখা গেছে, দালালদের বেশির ভাগেরই গলায় গামছা ঝোলানো। পশু হাটে নিয়ে আসার আগেই মালিকের সঙ্গে তাঁদের দাম রফা হয়। রফা হওয়া দামের বেশি যে টাকা বিক্রি হবে সে টাকা ওই দালাল নিয়ে নেন। এ ছাড়া হাটে পশু নিয়ে আসার পরও দামদর ঠিক করা হয়। আবার তাৎক্ষণিক ক্রেতার উপস্থিতিতেও সাংকেতিক ভাষার মাধ্যমে তাঁরা কমিশন ঠিক করে নেন।হাটে মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, বর্তমানে এমন এক পরিস্থিতি দাঁড়িয়েছে, গরু বা ছাগল ক্রয়-বিক্রয় করতে গেলে দালালদের শরণাপন্ন হতেই হবে। তাঁরাই বিক্রি করে দেবেন ও কিনে দেবেন। কোনো ক্রেতা-বিক্রেতা তাঁদের শরণাপন্ন না হলে তুলনামূলক কম দামে বেচতে ও বেশি দামে কিনতে হয়।কয়েকজন দালাল বলেন, ‘পশু কেনাবেচায় সহযোগিতা করে তাঁরা প্রতিদিন ৪০০ থেকে ৬০০ টাকা রোজগার করেন। তবে কোরবানির ঈদের আগে তাঁদের ব্যবসা খুব ভালো হয়। এই দালালি ব্যবসার কৌশল নানা বৈচিত্র্যের। শুদ্ধ ভাষা না বলে তাঁরা নিজেদের সৃষ্টি করা ভাষা দিয়ে কথা বলেন। পশুহাটে গেলে এ ভাষা শোনা যায়। তাঁদের ভাষা গরু ব্যবসায়ীরা ছাড়া অন্য কোনো মানুষ বুঝতে পারেন না।’ মহাস্থান হাটে গরু কিনতে আসা কাঠগাড়া গ্রামের আকিদুল ইসলাম (৪৫) জানান, দালাল ছাড়া গরু কেনা কঠিন। তাঁদের দালালির জন্য যে টাকা দেওয়া হয়, নিজে পশু কিনলে তাঁর চেয়ে বেশি টাকা লাগে। তাই এক দালালকে ৩০০ টাকা দিয়ে একটি গরু কিনেছেন। উপজেলার বালুকচড়া গ্রামের দালাল মছির উদ্দিন (৫৫) বলেন, ‘আমরা তো আর চুরি-ডাকাতি করি না। চাঁদাবাজ বা সন্ত্রাসীও নই। পরিশ্রম করে মানুষকে গরু বা ছাগল কিনে দিয়ে কিছু টাকা রোজগার করি।’