ক্রেতা-বিক্রেতাদের দুর্ভোগের অন্ত নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জায়গাসংকটের কারণে বগুড়ার সারিয়াকান্দি পৌর হাট বসে লাইব্রেরির মাঠে। এখানে আসা ক্রেতা-বিক্রেতাদের দুর্ভোগের অন্ত নেই। সারিয়াকান্দি উপজেলার চারটি ইউনিয়ন সম্পূর্ণ ও তিনটি ইউনিয়নের আংশিক যমুনার চরাঞ্চলে পড়েছে। এসব এলাকায় প্রচুর পরিমাণে মরিচ ও পাট উৎ পাদন হয়। উপজেলা সদর যমুনা নদীর পারে হওয়ায় চরের উৎ পাদিত কৃষিপণ্য নৌকাযোগে সহজেই কৃষকেরা সারিয়াকান্দি হাটে বিক্রি করতে আনতে পারেন। পাট ও মরিচ কেনাবেচার জন্য এ হাট প্রসিদ্ধ। কিন্তু ক্রেতা-বিক্রেতাদের জন্য তেমন সুযোগ-সুবিধা নেই।পৌরসভা ও উপজেলা ভূমি অফিস সূত্রে জানা গেছে, প্রতি মঙ্গল ও শনিবার পৌর হাট বসে। আর সপ্তাহের প্রতিদিনই বসে বাজার। অসংখ্য মানুষ এই হাটবাজারে মালামাল ক্রয়-বিক্রয়ের জন্য আসেন। কাগজ-কলমে সারিয়াকান্দি পৌর হাটের মোট জায়গা ১৩৮ শতক। কিন্তু এর প্রায় অর্ধেক জায়গা বেদখল হয়ে গেছে। বেদখল হওয়া ৩১ শতক জায়গা নিয়ে স্থানীয় ভূমি অফিস দখলকারীদের বিরুদ্ধে মামলাও করেছে। মামলাটি বিচারাধীন। ব্যবসায়ী ও ক্রেতা সূত্রে জানা গেছে, এই হাটবাজারের বড় সমস্যা, হাটের জন্য জায়গা না থাকা এবং হাটের ছাউনিগুলো নষ্ট হয়ে যাওয়া। জায়গা দখল করে দোকান করার কারণে হাঁটার রাস্তার প্রশস্ততা কমে গেছে। একটু বৃষ্টি হলে পানি জমে কাদায় ভরে যায়। তখন এই পথে হাঁটা যায় না। জায়গা কম হওয়ার কারণে হাটের এসব গলি এমনকি মূল সড়কে গিয়ে হাট ও বাজার বসে। পাশে লাইব্রেরির মাঠেও বাজার বসে। এখানে গরুর ঘাস বিক্রি করা হয়। ব্যবসায়ী মজিবর রহমান বলেন, বাজারে জায়গার সংকট প্রকট। পর্যাপ্ত জায়গা না থাকায় উপজেলার একমাত্র লাইব্রেরির মাঠে হাট বসে। একটু বৃষ্টি হলেই সেই মাঠেও পানি জমে থাকে। তখন বাধ্য হয়ে প্রধান সড়কের ওপর হাট বসে। এতে করে হাটবারে যানজট লেগেই থাকে। এমনকি ক্রেতাদের সুবিধার জন্য যে অস্থায়ী ঘর নির্মাণ করা হয়েছিল, তার মধ্যে চারটিতে স্থায়ী দোকান নির্মাণ করা হয়েছে। অন্যগুলো নষ্ট হয়ে গেছে। হাটের পানি নিষ্কাশনের ব্যবস্থাও নেই।কাঁচামাল ব্যবসায়ী আবদুস সাত্তার বলেন, বেঁচে থাকার তাগিদে কষ্ট করে হলেও কাদা-পানির মধ্যেই দোকান করতে হয়। অপর ব্যবসায়ী আবদুল জলিল বলেন, বাজারে কাদা-পানির কারণে বেচাকেনা খুব একটা হয় না। ক্রেতা জনাব আলী (৮০) ও জামাল উদ্দীন বলেন, পৌরসভা হওয়ার পরই এ বাজারের অবস্থা সবচেয়ে বেশি খারাপ হয়েছে। সারিয়াকান্দি বণিক সমিতির সাধারণ সম্পাদক মো. বদিউজ্জামান বলেন, শুধু বৃষ্টির সময় নয়, সব সময় এখানে ক্রেতা-বিক্রেতাদের দুর্ভোগ পোহাতে হয়। অথচ পৌরসভার সামান্য উদ্যোগে এ অবস্থার সমাধান করা সম্ভব। পৌরসভার মেয়র টিপু সুলতান বলেন, এক দিনে এ সমস্যার সৃষ্টি হয়নি। বাজারের পরিবেশ ভালো করতে সবকিছু করা হবে। বর্তমানে কোনো অর্থ নেই, অর্থ জোগাড় হলেই কাজ শুরু করা হবে।