ক্রেতা সেজে চার ইয়াবা ব্যবসায়ীকে আটক

কক্সবাজারের টেকনাফ উপজেলায় ক্রেতা সেজে চার ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছেন বাংলাদেশ কোস্টগার্ডের সদস্যরা। এ সময় ৩০ হাজার ইয়াবা বড়িও উদ্ধার করা হয়। উপজেলার সাবরাং ইউনিয়নের হারিয়াখালী ভাঙ্গা নামের এলাকা থেকে বুধবার সন্ধ্যায় তাঁদের আটক করা হয়।
আটক চার ব্যক্তি হলেন মো. শফি উল্লাহ (২৭), জায়েদ উল্লাহ (২৩), মো. জোবাইর (৩০) ও মো. হারুন রশিদ (২০)। প্রথম আলোকে তথ্যটি নিশ্চিত করেছেন বাংলাদেশ কোস্টগার্ড বাহিনীর পূর্ব জোন টেকনাফ স্টেশনের লেফটেন্যান্ট কমান্ডার এম সোহেল রানা।
এম সোহেল রানা প্রথম আলোকে বলেন, ইয়াবার ক্রেতা সেজে কয়েক দিন ধরে ওই ইয়াবা ব্যবসায়ীদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হচ্ছিল। সেই সূত্রে আজ বুধবার সন্ধ্যায় ইয়াবা কেনার জন্য শাহপরীর দ্বীপ সড়কের হারিয়াখালী ভাঙ্গা এলাকায় যাওয়া হয়। এ সময় ইয়াবা ব্যবসায়ীদের পাঁচজনের একটি দল সাদাপোশাকে থাকা কোস্টগার্ড সদস্যদের সামনে আসে। তাঁরা একটি ব্যাগের ভেতর ভরা ৩০ হাজার ইয়াবা বুঝিয়ে দেন কোস্টগার্ড সদস্যদের। টাকা দেওয়ার সময় কোস্টগার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে একজন পালিয়ে গেলেও চারজনকে আটক করা হয়। আটক চারজনকে টেকনাফ থানা-পুলিশে সোপর্দ করে মামলার প্রক্রিয়া চলছে।