ক্রেতা সেজে তিন ইয়াবা ব্যবসায়ীকে ধরল পুলিশ
কক্সবাজারের চকরিয়ায় ক্রেতা সেজে গতকাল সোমবার জামাতা-শাশুড়িসহ তিনজন ইয়াবা ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে ৭ হাজার ৫৫০টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন কক্সবাজারের আনার কলি (৪০) ও মো. পারভেজ মোশারফ (২৫) এবং মিয়ানমারের মংডুর কুলারবিল এলাকার মো. ছালাম (৩২)। আনার কলি ও পারভেজ মোশারফ সম্পর্কে শাশুড়ি-জামাতা।
কক্সবাজারের সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) কাজী মোহাম্মদ মতিউল ইসলাম প্রথম আলোকে বলেন, ইয়াবার একটি চালান বিক্রির জন্য কক্সবাজার শহর থেকে চকরিয়ায় আনা হয়েছে—এমন তথ্যের ভিত্তিতে চকরিয়া থানার উপপরিদর্শক (এসআই) কাওসার আহমদ চৌধুরী ক্রেতা সেজে পারভেজকে ফোন করে পৌর শহরের খোদারকুম এলাকায় ডেকে আনেন। পরে পুলিশের অন্য সদস্যরা গিয়ে পারভেজকে গ্রেপ্তার করেন। পরে পারভেজের দেওয়া স্বীকারোক্তির ভিত্তিতে চোয়ারফাঁড়ি এলাকা থেকে আনার কলিকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া পৌর শহরের থানা রাস্তার মাথা এলাকা থেকে গ্রেপ্তার করা হয় মো. ছালামকে।
চকরিয়া থানার ওসি মো. জহিরুল ইসলাম খান বলেন, গ্রেপ্তার তিন ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। অনুপ্রবেশের দায়ে ছালামের বিরুদ্ধে পৃথক আরেকটি মামলা হয়েছে।