ক্রেতাদের আকৃষ্ট করতে কেব্ল লাইনে বিজ্ঞাপন
এবারের ঈদে পাবনার বেড়া উপজেলার ব্যবসায়ীরা বিক্রি বাড়াতে স্থানীয় কেব্ল লাইনে বিজ্ঞাপন দিচ্ছেন। এতে ঈদের কেনাকাটায় যোগ হয়েছে ভিন্ন এক মাত্রা। ক্রেতারা টিভিতে বিজ্ঞাপন দেখে ঈদের কেনাকাটায় সেসব দোকানে ভিড় জমাচ্ছেন। খোঁজ নিয়ে জানা যায়, বেড়া পৌর এলাকায় দুজনসহ উপজেলার অন্য এলাকাগুলোতে সব মিলিয়ে পাঁচ থেকে ছয়জন কেব্ল অপারেটর কেব্ল লাইনের মাধ্যমে ৪০ হাজারেরও বেশি টিভিতে অনুষ্ঠান দেখিয়ে থাকে। অপারেটররা দেশি-বিদেশি টিভি চ্যানেলের অনুষ্ঠান দেখানোর পাশাপাশি সিডি লাইনের মাধ্যমে নানা অনুষ্ঠান দেখিয়ে থাকে। ঈদের প্রায় এক মাস আগে থেকে সিডি লাইনে অপারেটররা নাটক, সিনেমাসহ বিনোদনমূলক অনুষ্ঠানের ফাঁকে উপজেলার বিভিন্ন বিপণিবিতানের বিজ্ঞাপন প্রচার করছে। এসব বিজ্ঞাপন স্থানীয় ভিডিও তৈরির প্রতিষ্ঠানগুলো নির্মাণ করায় তেমন মানসম্পন্ন না হলেও সেগুলো ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হচ্ছে। ভিডিও তৈরিতে দেড় থেকে দুই হাজার এবং তা প্রচারে এক থেকে দেড় হাজার টাকা লাগছে বলে বিজ্ঞাপনদাতা ব্যবসায়ী ও কেবল অপারেটরদের সূত্রে জানা গেছে। তবে কেব্ল অপারেটররা পরিচিত কোনো কোনো ব্যবসায়ীর কাছ থেকে বিজ্ঞাপন প্রচার বাবদ আরও কম অথবা একেবারেই টাকা নিচ্ছেন না বলেও জানা গেছে। বেড়া উপজেলার প্রধান কেব্ল ব্যবসায়ী শাহীন জানান, তাঁর কেব্ল লাইনের আওতায় কমপক্ষে ২০ হাজার টিভি রয়েছে। এসব টিভিতে তিনি ২১টি ব্যবসাপ্রতিষ্ঠানের বিজ্ঞাপন প্রচার করছেন। তিনি জানান, অনেকটা শখের বশে এবং ব্যবসায়ীদের অনুরোধে তিনি বিজ্ঞাপনগুলো প্রচার করছেন। বিজ্ঞাপন প্রচার বাবদ খুশি হয়ে যে যা দিচ্ছেন তা-ই তিনি নিচ্ছেন বলে জানান। বেড়া বাজারের মুমু ফ্যাশন হাউসের মালিক মনিরুল ইসলাম বলেন, ‘ডিশের লাইনে আমার দোকানের বিজ্ঞাপন প্রচারের পর থেকে বেচাকেনা অনেক বেড়েছে। শখের বশে বিজ্ঞাপন প্রচার করতে গিয়ে এখন দেখছি ভালোই লাভ হচ্ছে।’ এদিকে ঈদ উপলক্ষে বেড়া পৌর এলাকার বেড়া বাজারের ফুটপাতে বসেছে অনেক অস্থায়ী দোকানপাট। বিপণিবিতানের পাশাপাশি ফুটপাতের অস্থায়ী এসব দোকানেও এখন উপচে পড়া ভিড়। সকাল থেকে গভীর রাত পর্যন্ত এসব দোকানে ঈদের কেনাবেচা চলছে। শার্ট, প্যান্ট, পাঞ্জাবি, টুপি, শাড়ি, সেলোয়ার-কামিজ, শিশুর পোশাক, জুতা, গয়না, প্রসাধনসামগ্রী, ঘরকন্নার টুকিটাকি, সস্তা মেলামাইনের তৈজসপত্র, অডিও-সিডি— কী নেই সেখানে! ক্রেতা-বিক্রেতা সবারই এক কথা— এবারের ঈদে ফুটপাতের বাজার জমেছে ভালো। বেড়া বাজারে ফুটপাতের বাজার জমে উঠেছে মূলত পৌর মার্কেট থেকে কাদের ডাক্তারের মোড় পর্যন্ত রাস্তার দুই পাশজুড়ে। ক্রেতাদের ভিড়ে কথা বলার ফুরসত নেই বিক্রেতাদের। রাস্তার দুই পাশের ভিড় উপচে গিয়ে কখনো কখনো রাস্তার যানবাহন চলাচলে বিঘ্ন ঘটলেও কাউকে বিরক্ত হতে দেখা যাচ্ছে না। রিকশাসহ বিভিন্ন যানবাহনে চলাচলকারী যাত্রীরা বেড়া বাজারের বদলে যাওয়া এমন দৃশ্য দেখে বরং কিছুটা খুশিই। ফুটপাতের শাড়ি-লুঙ্গি বিক্রেতা সানোয়ার হোসেন বলেন, ‘আমরা ফুটপাতের দোকানদার হলিউ দোকানে খুবই ভালো কাপড় তুলছি। মার্কেটের দোকানের থ্যা দামও আমরা কম রাখত্যাছি। এ জন্য আমাগরে দোকানে এবারের ঈদে ভালো বেচাকেনা হত্যাছে।’