ক্রেতাদের জন্য বাংলাদেশের পরিস্থিতি অগ্রহণযোগ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পোশাক শ্রমিকদের নিরাপত্তায় চুক্তিতে সই করতে যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক প্রতিষ্ঠান ওয়ালমার্টকে বৃহস্পতিবার এক চিঠিতে অনুরোধ জানিয়েছেন মার্কিন প্রতিনিধি পরিষদের প্রভাবশালী সদস্য জর্জ মিলার। প্রতিষ্ঠানটি বাংলাদেশের তৈরি পোশাকের অন্যতম ক্রেতা। চিঠিতে জর্জ মিলার বলেন, বাংলাদেশের বিদ্যমান পরিস্থিতি যেকোনো ক্রেতার জন্যই অগ্রহণযোগ্য। তাই এ ব্যাপারে প্রতিষ্ঠানটির আরও কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। বাংলাদেশে পোশাক শ্রমিকদের নিরাপত্তা নিয়ে অব্যাহত অবহেলা এবং সাভারের রানা প্লাজা ধসে বহু পোশাক শ্রমিকের প্রাণহানি ও আহত হওয়ার ঘটনার পরিপ্রেক্ষিতে মার্কিন কংগ্রেসের হাউস এডুকেশন অ্যান্ড দ্য ওয়ার্কফোর্স কমিটির ডেমোক্র্যাট-দলীয় জ্যেষ্ঠ সদস্য মিলার ওই অনুরোধ জানান।প্রতিষ্ঠানটিকে লেখা চিঠিতে কংগ্রেস সদস্য জর্জ মিলার বলেন, সম্প্রতি ওয়ালমার্টের স্বেচ্ছাপ্রণোদিত হয়ে নেওয়া পদক্ষেপ সাংঘাতিক অবহেলা (বাংলাদেশের পোশাক শ্রমিকদের প্রতি মালিকদের) দূর করতে কাজে আসছে না। এ অবহেলার কারণে বহু মানুষের প্রাণহানি ও দুর্ভোগ চলছেই। এ জন্য যা প্রয়োজন তা হলো, শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা সংক্রান্ত চুক্তিতে (বাংলাদেশ ফায়ার অ্যান্ড বিল্ডিং সেফটি এগ্রিমেন্ট) প্রতিষ্ঠানটির সই করা। চিঠিতে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের অন্যতম সম্পদশালী ও বৃহত্তম নিয়োগকারী প্রতিষ্ঠান হিসেবে ওয়ালমার্টের কেবল দেশের অভ্যন্তরেই নয় বরং বিশ্বের অন্য দেশগুলোতেও সঠিক পদক্ষেপ গ্রহণ এবং সর্বোত্তম মান নির্ধারণে এক অনন্য ভূমিকা ও দায়দায়িত্ব রয়েছে। বাংলাদেশে বিদ্যমান পরিস্থিতি যেকোনো ক্রেতার জন্যই অগ্রহণযোগ্য। ‘বাংলাদেশ ফায়ার অ্যান্ড বিল্ডিং সেফটি এগ্রিমেন্ট’ শ্রমিকদের নিরাপত্তায় একটি বেসরকারি সংগঠনের প্রস্তাব। এই প্রস্তাব সাভারের মতো দুর্ঘটনা এড়াতে সহায়তা করতে পারে বলে কেউ কেউ মনে করেন।এই চিঠি লেখার আগে চলতি মাসের শুরুর দিকে কংগ্রেসের সদস্য জর্জ মিলার বাংলাদেশে পোশাক শ্রমিকদের অবস্থা নিয়ে তাজরীন ফ্যাশনসের অগ্নিকাণ্ড থেকে বেঁচে যাওয়া এক পোশাককর্মী ও বিভিন্ন মানবাধিকার সংগঠনের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন। গত বছরের নভেম্বরে তাজরীন পোশাক কারখানার আগুনে ১১২ জন কর্মী নিহত হন।