ক্রেতাদের বেশি দামে কিনতে হচ্ছে পণ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ঠাকুরগাঁওয়ের কোনো ডিলারের পবিত্র রমজানে খোলাবাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রিতে আগ্রহ নেই। এতে সাধারণ ক্রেতাদের নিত্যপ্রয়োজনীয় পণ্য বাজার থেকে বেশি দামে কিনতে হচ্ছে।
তবে রমজান মাসে ঠাকুরগাঁওয়ে টিসিবির কতজন ডিলার পণ্য উত্তোলন করেছেন, তার কোনো তথ্য জেলা প্রশাসকের বাণিজ্য শাখায় নেই। টিসিবির নীতিমালা অনুযায়ী, পরপর দুটি বরাদ্দের পণ্য উত্তোলনে ব্যর্থ হলে ডিলারশিপ বাতিলের বিধান রয়েছে।
এ ব্যাপারে কয়েকজন ডিলার বলেন, টিসিবির পণ্য বিক্রি লাভজনক না হওয়ায় তাঁরা বরাদ্দ উত্তোলনে আগ্রহ হারিয়ে ফেলেছেন।
টিসিবি রংপুর কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৭ মে থেকে সারা দেশে ট্রাকের মাধ্যমে টিসিবির নিত্যপ্রয়োজনীয় পণ্য খোলাবাজারে বিক্রি শুরু হয়েছে। প্রতি কেজি ছোলা ৭০ টাকা, চিনি (দেশি) ৪৮, মসুর ডাল ৯০, খেজুর ৯০ ও সয়াবিন তেল প্রতি লিটার ৮০ টাকা দরে বিক্রি করার কথা। একেকজন ক্রেতা সর্বোচ্চ চার কেজি চিনি, দুই কেজি মসুর ডাল, পাঁচ লিটার সয়াবিন তেল, পাঁচ কেজি ছোলা ও এক কেজি খেজুর কিনতে পারবেন।
ঠাকুরগাঁওয়ে টিসিবির ২৩ জন ডিলার রয়েছেন। কিন্তু কোনো ডিলার বিক্রির জন্য পণ্য উত্তোলন করেননি।
ঠাকুরগাঁও পৌরসভার খালপাড়া মহল্লার বাসিন্দা দিনমজুর হাসমত আলী বলেন, টিসিবির কার্যক্রম চালু না থাকায় তাঁকে প্রতি কেজি ছোলা ৭০ টাকার বদলে ১০০ টাকা ও সয়াবিন তেল প্রতি লিটার ৮০ টাকার বদলে ৯০ টাকায় কিনতে হয়েছে।
সুশাসনের জন্য নাগরিক (সুজন) ঠাকুরগাঁওয়ের সাধারণ সম্পাদক মো. শাহাবুদ্দিন খান বলেন, ঠাকুরগাঁওয়ে টিসিবির সব ডিলার পণ্য তুলে সরবরাহ করলে সাধারণ নাগরিকদের বাজার থেকে বেশি দামে পণ্য কেনার প্রয়োজন হতো না। সাধারণ মানুষ কম দামে পণ্য কিনে স্বস্তিতে থাকতে পারত। কার্যক্রম বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তে টিসিবির সেবা থেকে বঞ্চিত হচ্ছে কম আয়ের শ্রমজীবী মানুষ।
কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) ঠাকুরগাঁওয়ের সাধারণ সম্পাদক এনামুল হক বলেন, টিসিবির ডিলাররা পণ্য উত্তোলন না করায় সাধারণ ভোক্তারা বঞ্চিত হচ্ছেন। সরকারের সদিচ্ছা থাকলেও শুধু টিসিবির সিদ্ধান্ত ও ডিলারদের কারণে মুখ থুবড়ে পড়ছে টিসিবির সেবা।
টিসিবির ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ডিলার আবদুল জলিল দাবি করেন, টিসিবির পণ্য বিক্রি অলাভজনক। পণ্য বিক্রি করে পরিবহনের ব্যয়ই ওঠানো যায় না। তা ছাড়া অনেক পণ্যের মূল্য বাজারমূল্যের সমান। অন্যদিকে টিসিবির পণ্য রংপুর ও আশপাশের জেলায় যে দামে বিক্রি করা হয়, তা ঠাকুরগাঁওয়ের শেষ সীমানা হরিপুরেও একই মূল্যে বিক্রি করতে হচ্ছে। এতে একটা অসম অবস্থার সৃষ্টি হয়। এলাকার দূরত্ব বিবেচনা করে পণ্যের কমিশন নির্ধারণ করা উচিত।
সদর উপজেলার আরেক ডিলার নজরুল ইসলাম বলেন, রংপুর থেকে দুই দিনের পণ্য উত্তোলন করতে হয়। দুই দিনের মালামাল অল্প হওয়ার কারণে পরিবহন ভাড়া বেশি পড়ে। এ ছাড়া রয়েছে শ্রমিকের মজুরি। ফলে লাভ তো দূরের কথা, পুঁজিই থাকে না। গত ঈদের সময় পণ্য এনে বিক্রি করার পর তিনি আগ্রহ হারিয়ে ফেলেন।
ঠাকুরগাঁও রোড এলাকার ডিলার মো. হাসান আলী বলেন, পণ্য উত্তোলনে টিসিবি থেকে তাদের কাছে অনুরোধ করা হয়েছে। কিন্তু ডিলাররা লোকসানের কথা ভেবে এখনো পণ্য উত্তোলনে আগ্রহ দেখাননি।
টিসিবি রংপুর কার্যালয়ের প্রধান মিশকাতুল আলম বলেন, শুধু ঠাকুরগাঁও নয়, আশপাশের অনেক জেলার ডিলাররা টিসিবির আহ্বানে সাড়া দেননি। পরপর দুই বরাদ্দ উত্তোলন না করলে ডিলারশিপ বাতিল হয়ে যাওয়ায় কথা থাকলেও তাঁদের চূড়ান্ত অনুরোধ করে চিঠি পাঠানো শুরু হয়েছে। এরপরও সাড়া না পাওয়া গেলে ডিলারশিপ বাতিলের কার্যক্রম শুরু করা হবে। তবে তিনি দাবি করেন, টিসিবির গুদামে এখন পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল, ছোলা, ডাল, খেজুর ও চিনি মজুত রয়েছে। ডিলাররা আগ্রহী হলে তাঁদের বরাদ্দ তুলতে পারেন।