ক্রেতাদের ভোগাচ্ছে পেঁয়াজ তেলের দামও কমেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রমজান মাস সামনে রেখে বাণিজ্য মন্ত্রণালয়ে বৈঠক করে ব্যবসায়ীরা এবারও বেশ কয়েকটি নিত্যপণ্যের দাম বেঁধে দিয়েছিলেন। পাইকারি বাজারে এসব পণ্যের দর ঠিকঠাক থাকলেও খুচরা ব্যবসায়ীরা মানছেন না।
রাজধানীর বনশ্রী, রামপুরা, মৌলভীবাজার, পলাশী, হাতিরপুল ও কারওয়ান বাজার গতকাল মঙ্গলবার ঘুরে দেখা গেছে, অনেক স্থানেই চিনি বিক্রি হচ্ছে বেঁধে দেওয়া দামের চেয়ে কেজিতে দুই থেকে পাঁচ টাকা বেশিতে। ছোলা বিক্রি হচ্ছে তিন টাকা বেশি দামে। এরই মধ্যে বোতলজাত সয়াবিন তেলের দাম বেশ কমানো হলেও ব্যবসায়ীরা প্রতিশ্রুতি অনুযায়ী দাম কমাননি।
তবে রমজানের আগে সাধারণ মানুষকে বেশ ভোগান্তিতে ফেলেছে পেঁয়াজ। এই পণ্যের দাম বেঁধে দেওয়া হয়নি, তাই চড়া মূল্যে বিক্রি হচ্ছে বহুল ব্যবহূত এই পণ্য।
বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করে গত ৩০ জুন ব্যবসায়ীরা চিনি ও ভোজ্যতেল বিক্রির দর নির্ধারণ করেন। আর গত সোমবার বাণিজ্য মন্ত্রণালয় খেজুর, ছোলা ও মসুর ডালের দাম নির্ধারণ করে দেয়।
মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক গোলাম মাওলা প্রথম আলোকে বলেন, ‘আমরা পাইকারিতে সরকার-নির্ধারিত দরেই পণ্য বিক্রি করছি। কিন্তু বেশির ভাগ সময়েই খুচরা বাজারে বেশি দামে পণ্য বিক্রি হয়। আর সরকার আমাদের দায়ী করে। খুচরা ও পাইকারি দামের ব্যবধান কমিয়ে আনা প্রয়োজন। এ জন্য সরকারের তদারকি থাকতে হবে।’
ভোজ্যতেল: ব্যবসায়ীরা এখন পর্যন্ত খোলা পাম তেল বেঁধে দেওয়া প্রতি লিটার খুচরা দর ৭৩ থেকে ৭৫ টাকায়ই বিক্রি করছেন। পাইকারিতে বিক্রি হচ্ছে ৬৬ থেকে ৭০ টাকায়। একই অবস্থা সয়াবিন তেলের ক্ষেত্রেও। বাজারে তা বিক্রি হচ্ছে খুচরা ১০৭ থেকে ১০৯ টাকায় এবং পাইকারিতে ১০০ টাকা ৫০ পয়সা থেকে ১০২ টাকায়। অন্যদিকে পাঁচ লিটারের রূপচাঁদা তেল এখন ৬৫০ টাকায়, ফ্রেশ ও তীর ব্র্যান্ডের তেল বিক্রি হচ্ছে ৬৪০ টাকায়। তবে এক লিটারের তেলের দাম কমিয়ে ১২৭ টাকা করার ঘোষণা দেওয়ার পরও দাম কমেনি। বর্তমানে এই তেল বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৩২ টাকায়।
চিনি: ব্যবসায়ীরা প্রতি কেজি চিনি মিলগেটে ৪১ টাকা ৫০ পয়সা, পাইকারি ৪২ টাকা ৫০ পয়সা ও খুচরা ৪৫ টাকা ৫০ পয়সা দরে বিক্রির ঘোষণা দিয়েছেন। চিনির পাইকারি বাজার মৌলভীবাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি চিনি বিক্রি হচ্ছে ৪২ টাকা ৩০ পয়সা থেকে ৪৩ টাকায়।
তবে বেশির ভাগ দোকানেই খুচরায় চিনি বিক্রি হচ্ছে ৪৬ থেকে ৪৮ টাকা কেজি। অবশ্য কোনো কোনো দোকানে ৫০ টাকা কেজি দরেও চিনি বিক্রি হতে দেখা গেছে।
ছোলা: কয়েক বছর ধরে রোজাদারদের ভোগান্তিতে ফেলা ছোলার দর এবার নাগালেই আছে। খুচরায় প্রতি কেজি ছোলা বিক্রি হচ্ছে ৬০ থেকে ৬৫ টাকায়। এই ছোলা বিক্রির দর বেঁধে দেওয়া হয়েছে ৬২ টাকা।
অবশ্য অনেক দোকানে ছোলা প্যাকেটজাত করে ক্রেতার কাছ থেকে বাড়তি মূল্য হাতিয়ে নিচ্ছেন বিক্রেতারা। রাজধানীর বনশ্রীর সি ব্লকের সাবওয়ে ডিপার্টমেন্টাল স্টোরের বিক্রেতা প্যাকেটজাত ছোলার দাম হেঁকেছেন ৮০ টাকা। দাম বেশি কেন জানতে চাইলে জানালেন, এটা অনেক ভালো মানের।
অন্য রমজানে মিয়ানমার থেকে কিছু উন্নতমানের ছোলা আমদানি হলেও এবার বাজারের সব ছোলাই অস্ট্রেলিয়ার। রহমতগঞ্জের ডালপট্টির পাইকারি বাজারে এই ছোলার কেজি বিক্রি হচ্ছে ৫২ থেকে ৫৬ টাকায়। নির্ধারিত দর ৫২ থেকে ৫৪ টাকা। আমদানিকারক প্রতিষ্ঠান জাহিদ অ্যান্ড ব্রাদার্সের ব্যবস্থাপক মোহাম্মদ ইসরাফিল প্রথম আলোকে বলেন, অস্ট্রেলিয়ায় এবার ছোলার দাম খুবই কম। কেবল মিয়ানমারের ছোলার দাম অনেক বেশি।
পেঁয়াজু তৈরিতে ব্যবহূত পণ্য খেসারির কেজি এখন ৫০ থেকে ৫৫ টাকা। মসুর ডাল: সরকার কানাডা থেকে আমদানি করা মসুর ডাল মানভেদে খুচরায় ৭৫ থেকে ৮৫ টাকা নির্ধারণ করে। এই ডাল বাজারে বিক্রি হচ্ছে ৮০ থেকে ৮৫ টাকায়। বাজারে দেশি মসুর ডালের কেজি খুচরায় বিক্রি হচ্ছে ১০৫ থেকে ১১৫ টাকা পর্যন্ত। যদিও এই ডালের দাম বেঁধে দেওয়া হয়নি। এই ডাল পাইকারিতে বিক্রি হচ্ছে ৯৩ থেকে ৯৫ টাকায়।
পেঁয়াজ: বাজারে দেশি পেঁয়াজ ৪৮ থেকে ৫০ টাকা আর ভারতীয় পেঁয়াজ ৪৫ থেকে ৪৮ টাকায় বিক্রি হচ্ছে। অথচ এক সপ্তাহ আগেও দেশি পেঁয়াজের দর ছিল ৪০ থেকে ৪২ আর ভারতীয় পেঁয়াজ ৩৮ থেকে ৪০ টাকা। আর এক মাস আগে দেশি পেঁয়াজ ছিল ৩২ থেকে ৩৪ আর ভারতীয় পেঁয়াজ ২৬ থেকে ২৮ টাকা।
শ্যামবাজারের পাইকার ও আমদানিকারক পপুলার বাণিজ্যালয়ের স্বত্বাধিকারী রতন সাহা প্রথম আলোকে বলেন, ‘ভারতের পাটনায় যে পেঁয়াজটা হয়, তা আমাদের দেশে আসে। কিন্তু বন্যায় এবার পাটনার ফসল বেশির ভাগই নষ্ট হয়ে গেছে। সে কারণে নাসিকের পেঁয়াজের ওপর চাপ পড়েছে। তাই দামও বাড়ছে।’
অন্যান্য: দুই সপ্তাহ ধরেই চালের বাজার গরম। প্রতি কেজি মোটা চাল ৩৪ থেকে ৩৫, ব্রি-২৮ চাল ৩৮ থেকে ৪০, মিনিকেট ৫৫ থেকে ৫৬, নাজিরশাইল ৫০ থেকে ৫২, পারিজাতের চাল ৩৬ থেকে ৩৮ টাকায় বিক্রি হচ্ছে। রমজানে অনেকেই চিড়া খান। এই পণ্যের দামও বেড়ে গেছে কেজিতে পাঁচ টাকা। চিড়ার কেজি এখন ৪০ টাকা।