ক্রেতাদের স্বস্তি, লেখকদের ভাবনা
ছুটির আগের দিন বলে ভিড় কম ছিল গতকাল বৃহস্পতিবারের বইমেলায়। তবে মেলার সময় বাড়ানোর পর থেকে তুলনামূলক বইপ্রেমীরা কম আসছেন বলে জানালেন বইয়ের দোকানের বিক্রয়কর্মীরা। সোহরাওয়ার্দী উদ্যানের মাঠে লাল জামা গায়ে ছোটাছুটি করছিল ধ্রুপদী। ছোট্ট এই পাঠক কক্সবাজার থেকে ঢাকায় এসেছে বইমেলার জন্য। ধ্রুপদীর মা লেখক সাদিকা রুমন গতকাল আসতে চাননি। প্রথম আলোকে তিনি জানান, ‘তৃতীয় দিনের মতো আসতে হলো শুধু মেয়ের জন্য। তবে এখন মানুষ একটু কম বলে ভালো লাগছে। ইচ্ছেমতো বই পছন্দ করা যাচ্ছে।’
কিছুটা ভিড় কম হওয়ায় যে কারও কারও স্বস্তি হয়েছে, তা টের পাওয়া গেল মেলার মাঠে বঙ্গবন্ধু শতবর্ষ কর্নারের এক পাশে ইডেনের ছাত্রী রুবাকে দেখে। একটি বইয়ের দোকানে বিক্রয়কর্মী হিসেবে কাজ করছেন তিনি। বিকেলের নাশতা খেতে দোকান থেকে বের হতে পেরেছেন কিছুক্ষণের জন্য।
মাঠের আরেক পাশেই ‘কারাগারের রোজনামচা’ কর্নারের দিকে বরং ছবি তোলার ভিড় ছিল বেশি। আর প্রতিদিনের মতো স্বাধীনতাস্তম্ভকে ঘিরে বসে ছিল মানুষ। তবে প্রকাশকেরা তেমন হতাশ না। তাঁরা আশা করছেন, আজ শুক্রবার ঠিকই রমরমা হয়ে উঠবে মেলা। উদ্বেগের কারণ নেই।
কিন্তু মেলায় নতুন বই আসা লেখকদের কোনো হিসাবে মন ভরেনি। তাঁরা একটু চিন্তিত। নাম প্রকাশ না করার শর্তে দুই লেখক বললেন, এমনিতেই আমাদের মতো লেখকেরা রয়্যালিটি পান না। অনেক আগে পাণ্ডুলিপি জমা দেওয়ার পরও বই এসেছে মেলার দুই সপ্তাহ পার করে। কিছু কিছু প্রকাশকের পক্ষপাতমূলক আচরণ আমাদের হতাশ করে। এমন অবস্থায় যদি লোকও কম আসে তাহলে পরিশ্রমটা বিফল মনে হয় না? তাড়াহুড়ো করে বই আনায় ভুলত্রুটি থাকা এবং বাঁধাইয়ের মান নিয়েও অভিযোগ আছে লেখকদের।
এসবের মধ্যেই বিভিন্ন গণমাধ্যমকর্মীর সঙ্গে লেখকদের সাক্ষাৎকার দেওয়া আর চায়ের বিল ভাগাভাগি করে দেওয়া আড্ডার দৃশ্য দেখা গেল। তবে মেলার মাঠে হুইলচেয়ারের ব্যবস্থা থাকলেও মাঠ অসমতল বলে তা ব্যবহার করা যায়নি, এমন অভিযোগ ছিল বয়সী পাঠকদের। শিশুদের খেলার আয়োজন মেলার একেবারে এক পাশে হওয়ায় অভিভাবকদের ছিল অস্বস্তি।
মেলার অন্য আয়োজন
বিকেলে বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় ‘মোহাম্মদ আবদুল কাইউম ও বশীর আলহেলাল’ শীর্ষক আলোচনা। নিজেদের বই নিয়ে লেখক বলছি মঞ্চে উপস্থিত ছিলেন দুই লেখক মারুফ রায়হান ও টোকন ঠাকুর।
আজ শুক্রবার অমর একুশে বইমেলার ১৮তম দিন। মেলা চলবে বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত। বেলা ১১টা থেকে শুরু করে শিশুপ্রহর চলবে বেলা ১টা পর্যন্ত।
নতুন বই
গতকাল বাংলা একাডেমির তথ্যকেন্দ্রে নতুন বই জমা পড়েছে ১০৮টি। মেলায় আসা নতুন বইয়ের মধ্যে পাঞ্জেরী এনেছে যতীন সরকারের স্বনির্বাচিত প্রবন্ধ, স্মৃতিগদ্য, আলোচনা ও দীর্ঘ সাক্ষাৎকার নিয়ে গ্রন্থ হিরণ্ময় বানপ্রস্থ, অন্বেষা এনেছে মোস্তাক শরীফের আলমপনাহ্, পাঠক সমাবেশ থেকে এসেছে মঈনুল হাসানের উপন্যাস নোনা মাটি ধূলিফুল, রচয়িতা থেকে বেরিয়েছে বন্দনা আমীরের গল্পগ্রন্থ জীবন যখন যেমন।