ক্রেতার অভাবে পড়ে আছে ৩৮ কোটি টাকার চিনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভেজাল গুড় উৎপাদনকারীরা চড়া দামে চিনিকল এলাকার খেতের প্রায় সব আখ আগাম কিনে নেওয়ায় সংকটে পড়েছে নাটোর চিনিকল। একদিকে আখের অভাবে চিনিকলে এ মৌসুমের মাড়াই বন্ধ হয়ে যাচ্ছে, অন্যদিকে ক্রেতার অভাবে ৩৮ কোটি টাকার চিনি গুদামে পড়ে আছে। টাকার অভাবে কর্তৃপক্ষ কৃষকদের আখের দাম পরিশোধ করতে পারছে না। এতে কৃষকেরা বিক্ষুব্ধ হয়ে উঠছেন।নাটোর চিনিকল সূত্র জানায়, চিনিকল এলাকার জমিতে এখনো ৪০ হাজার মেট্রিক টন আখ আছে। এই আখ দিয়ে আরও এক মাস চিনিকল চালু রাখা সম্ভব। কিন্তু এলাকার ভেজাল গুড় উৎপাদনকারীরা চিনিকলের চেয়ে বেশি দাম দিয়ে এসব আখ আগাম কিনে নিয়েছেন। ফলে কৃষকেরা চিনিকলে আখ সরবরাহ বন্ধ করে দিয়েছেন। নাটোর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এ বি এম আরশাদ হোসেন বলেন, ‘আখের অভাবে কর্তৃপক্ষ বাধ্য হয়ে আজ থেকে চিনিকল বন্ধ ঘোষণা করতে যাচ্ছে। কর্তৃপক্ষের আশঙ্কা, এর ফলে চিনিকলকে ১৫ কোটি টাকা লোকসান গুনতে হবে। গত বছর একই কারণে ১২ কোটি ৮৬ লাখ টাকা লোকসান গুনতে হয়েছে।’চিনিকলে আখ সরবরাহে কৃষকদের অনাগ্রহের বিষয়ে চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক বলেন, ‘চিনিকল এলাকায় প্রায় আড়াই হাজার ভেজাল গুড় উৎপাদনকারী আছেন; যাঁরা পাওয়ার ক্র্যাশার দিয়ে আখ থেকে রস সংগ্রহ করেন। এ রসের সঙ্গে ময়দা, চিটাগুড় ও হাইড্রোজ মিশিয়ে তাঁরা গুড় তৈরি করেন। এতে গুড় উৎপাদনে তাঁদের খরচ কম হচ্ছে। এ কারণে তাঁরা আমাদের চেয়ে (প্রতি মণ ১০৫ টাকা) বেশি দামে (১৩০ টাকা) আখ কিনছেন। কৃষকেরা বেশি দাম পাওয়ায় আমাদের আখ না দিয়ে গুড় উৎপাদনকারীদের কাছে বিক্রি করছেন।’ এদিকে বাজারে আমদানি করা চিনির দাম কম হওয়ায় ব্যবসায়ীরা দেশে উৎপাদিত চিনি কিনছেন না। অন্যদিকে উৎপাদন খরচ বেশি হওয়ায় চিনিকল কর্তৃপক্ষ চিনির দাম কমাতেও পারছে না। নাটোর চিনিকল গত ১১ নভেম্বর চিনি উৎপাদন শুরু করে। এ মৌসুমে এ কলে ৩৮ কোটি টাকা মূল্যের প্রায় ৫০০ মেট্রিক টন চিনি উৎপাদিত হয়েছে; যা বিক্রি হয়নি। সব চিনি চিনিকলের গুদামে পড়ে আছে। চিনি বিক্রি না হওয়ায় কৃষকদের আখের দাম পরিশোধ করাও সম্ভব হচ্ছে না। চিনিকলের কাছে বর্তমানে আখচাষিদের প্রায় চার কোটি টাকা পাওনা রয়েছে। আখের দাম না পাওয়ায় ১৮ জানুয়ারি চাষিরা চিনিকল চত্বরে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। আখচাষি ফেডারেশনের সভাপতি ও সদর উপজেলার তেবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম সারোয়ার বলেন, দেরিতে উৎপাদন শুরু, পুঁজি সংকট, আখের কম দাম ও দুর্নীতির কারণে চিনিশিল্প ধ্বংস হতে বসেছে। চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক এ বি এম আরশাদ হোসেন বলেন, নাটোর চিনিকল এখন মহাসংকটে। তবে ইচ্ছাকৃতভাবে উৎপাদন বিলম্বিত করা হয়নি। চিনি বিক্রি না হওয়ায় পুঁজি সংকট তৈরি হয়েছে। চিনি বিক্রি করা গেলে কৃষকদের বাকি পরিশোধ করা সময়ের ব্যাপার মাত্র।