ক্রেতার আগ্রহ তরুণদের বই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নদী কারো নয় সৈয়দ শামসুল হক, আমার কত কথা ছিল ইকবাল বাহার চৌধুরী, ভুটানে অঘটন জাহীদ রেজা নূর, পূর্ব বাংলার সাত দশকের কমিউনিস্ট রাজনীতি মনজুরুল হক
নদী কারো নয় সৈয়দ শামসুল হক, আমার কত কথা ছিল ইকবাল বাহার চৌধুরী, ভুটানে অঘটন জাহীদ রেজা নূর, পূর্ব বাংলার সাত দশকের কমিউনিস্ট রাজনীতি মনজুরুল হক

বইমেলায় নিছক ঘুরে বেড়ানোর দিন এখন আর নেই। এখন খুব তাড়া, মোড়ক উন্মোচনের মঞ্চসহ সবখানেই। চলছে তালিকা ধরে কেনাকাটা।

তালিকা ধরে কেনাকাটার পাশাপাশি নতুন বইয়ে লেখকের অটোগ্রাফ নিচ্ছে উৎসুক পাঠক। কান পাতলে শোনা যাবে, ‘একটা সেলফি হয়ে যাক!’ অথবা তুলনামূলক ছোট বা নতুন প্রকাশনার বিক্রয়কর্মী ডাকছেন, ‘আমাদের বইগুলো দেখবেন...।’ ফাঁকা জায়গায় তরুণ কবি কাউকে পড়ে শোনাচ্ছেন তাঁর সদ্য লেখা কবিতা।

আগের দিন একুশের ভিড়ে মূলত তারকা বা প্রতিষ্ঠিত লেখকদের বই-ই বেশি বিক্রি হয়েছে। গতকাল বৃহস্পতিবার তরুণ লেখকদের বই বিক্রি হয়েছে ভালো।

প্রথমা প্রকাশন প্রতিষ্ঠিত ও গুরুত্বপূর্ণ অনেক লেখকের বই এনেছে এবার। এর মধ্যে তরুণ লেখক সালেহীন শিপ্রার প্রকাশ্য হওয়ার আগে, সাগুফতা শারমীন তানিয়ার উত্তর-দক্ষিণা বইগুলো বেশ চলছে।

ভাষাচিত্রের স্টলটি সোহরাওয়ার্দী উদ্যানের এক পাশে। এখানে প্রতিদিনই ভিড় চোখে পড়ে। এর আগে তরুণ লেখক সাদাত হোসাইনের আটটি বই প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। এবার এনেছে এ লেখকের উপন্যাস নিঃসঙ্গ নক্ষত্র। প্রকাশক খন্দকার সোহেলের দাবি, ফিকশন বইয়ের তালিকা হিসাব করলে এটি মেলার অন্যতম বিক্রি হওয়া বই।

মোড়ক উন্মোচন মঞ্চের সামনে বেশ ভিড় দেখা যায় তরুণ লেখক আয়মান সাদিককে ঘিরে। নেভার স্টপ লার্নিং নামের প্রবন্ধগ্রন্থের মাধ্যমে মানবিক সৃজনশীলতা ও কল্পনাশক্তি বিকাশের ভাবনা মেলে ধরেছেন আয়মান সাদিক। অধ্যয়ন প্রকাশন থেকে বেরোনো বইটির পরিবেশক তাম্রলিপি।

আগামী প্রকাশনী মূলত প্রতিষ্ঠিত লেখকদের বই প্রকাশ করে। প্রকাশক ওসমান গনির কাছে জানতে চাইলে প্রতিষ্ঠিত লেখকদের নতুন-পুরোনো বইয়ের পাশাপাশি দুজন তরুণ লেখকের কথাও বলেন। তাঁর দেওয়া তথ্য, আগামী থেকে আসা নতুন বইয়ের মধ্যে মোশাহিদা সুলতানা ঋতুর বড়ো শহরের ছোটগল্প বইটির কাটতি ভালো।

তরুণ লেখক পিয়াস মজিদের এবারের মেলায় গদ্য-পদ্য মিলিয়ে প্রকাশিত হয়েছে পাঁচটি গ্রন্থ। অন্যপ্রকাশ থেকে আসা প্রবন্ধগ্রন্থ রুশ বিপ্লবের শতবর্ষ ও অন্যান্য উল্লেখ করার মতো পাঠকপ্রিয়তা পেয়েছে বলে জানালেন এ প্রতিষ্ঠানের বিক্রয়কর্মীরা। ইত্যাদি গ্রন্থপ্রকাশ থেকে আসা নতুন বইয়ের মধ্যে অপেক্ষাকৃত তরুণ লেখক আহমেদ রিয়াজের অদ্ভুত দশ ভূত বেশ ভালো যাচ্ছে। ঐতিহ্যের প্যাভিলিয়নে দেবব্রত মুখোপাধ্যায়ের নায়ক বইটি বেশ ভালো বিক্রি হতে দেখা গেছে।

এবার মেলায় প্রথমা প্রকাশন এনেছে জাহীদ রেজা নূরের ভুটানে অঘটন। ঐতিহ্য এনেছে মনজুরুল হকের পূর্ব বাংলার সাত দশকের কমিউনিস্ট রাজনীতি, অন্যপ্রকাশ এনেছে সৈয়দ শামসুল হকের নদী কারো নয়, আগামী এনেছে ইকবাল বাহার চৌধুরীর আমার কত কথা ছিল। আজ শুক্রবার মেলা শুরু বেলা ১১টায়।