ক্রেতার আগ্রহ দেশি গরুতে
কক্সবাজারে কোরবানির হাট জমে উঠেছে। গত রোববার থেকে জেলার আটটি উপজেলার বিভিন্ন হাটে পশু বিক্রি শুরু হয়েছে। হাটগুলোতে মিয়ানমারের গরু বেশি দেখা গেলেও ক্রেতাদের আকর্ষণ দেশি গরুর প্রতি বলে জানালেন বিক্রেতারা।
কক্সবাজার শহরে একমাত্র পশুর হাট বসেছে রুমালিয়ারছড়া খুরুশকুল রাস্তার মাথায়। এই হাট থেকে পৌরবাসী ছাড়াও কক্সবাজার সদর উপজেলার মানুষ কোরবানির পশু কিনছেন। কোরবানি ঈদের আগের দিন পর্যন্ত এ হাটে পশু বেচাকেনা চলবে।
গতকাল সোমবার বিকেলে এই হাটে গিয়ে দেখা গেছে, রাস্তার দুপাশে নির্ধারিত স্থানে সারিবদ্ধভাবে রাখা হচ্ছে গরু। লোকজন ঘুরে ঘুরে গরুর দরদাম করছেন। পছন্দ হলেই কিনে নিচ্ছেন।
সাড়ে চার মণ ওজনের একটি সাদা গরু বিক্রির জন্য নিয়ে এসেছেন শহরের পাহাড়তলী এলাকার ব্যবসায়ী মো. আবু দাউদ। গরুটির দাম হাঁকা হচ্ছে এক লাখ টাকা। একজন ক্রেতা ৮০ হাজার টাকায় কিনতে চেয়েছেন, তিনি রাজি হননি।
মো. আবু দাউদ বলেন, গরুটি তিনি উখিয়া উপজেলার মরিচ্যাপালং গ্রাম থেকে কিনে এনেছেন। দেখতে মোটাতাজা ও আকর্ষণীয় হওয়ায় গরুটির প্রতি লোকজনের আগ্রহ বেশি। এটি ছাড়াও তিনি হাটে ১১টি দেশি গরু এনেছেন। ইতিমধ্যে বিক্রি হয়েছে পাঁচটি।
টেকনাফের শাহপরীর দ্বীপ করিডর দিয়ে আসছে মিয়ানমারের হাজারো গরু-মহিষ। টেকনাফ স্থল বন্দরের তথ্য মতে, চলতি আগস্ট মাসের প্রথম ২৭ দিনে গরু ও মহিষ এসেছে প্রায় ১২ হাজার। এসব পশু টেকনাফ পাইলট উচ্চবিদ্যালয় মাঠ, সাবরাং, হ্নীলা, হোয়াইক্যংসহ উখিয়া, রামু, চকরিয়া ও পেকুয়া উপজেলার বিভিন্ন হাটে বিক্রি হচ্ছে।
শহরের রুমালিয়ারছড়ার পশুর হাটে মিয়ানমার থেকে আমদানি করা ১৫টি গরু এনেছেন কক্সবাজার পৌরসভার তারাবনিয়ারছড়া এলাকার ব্যবসায়ী আব্দুল জলিল। তাঁর সংগ্রহের গরুগুলো ৮০ হাজার থেকে এক লাখ টাকা দর দেওয়া হয়েছে। তিনি বলেন, অনেকে কোরবানিতে বড় গরু কিনতে চান। মিয়ানমারের গরু বড়।
হাটের ইজারাদার মোহাম্মদ হাসান বলেন, গত রোববার থেকে হাটের যাত্রা শুরু। বিক্রির জন্য বিভিন্ন এলাকা থেকে ব্যবসায়ীরা গরু-মহিষ নিয়ে আসছেন। হাটে শান্তিপূর্ণভাবে পশু বিক্রির জন্য কঠোর নিরাপত্তাব্যবস্থা রয়েছে। জাল টাকা শনাক্ত করার জন্য বাজারে বিভিন্ন ব্যাংকের অস্থায়ী বুথ বসানো হয়েছে।
এ ছাড়া জেলার সবচেয়ে বড় পশুর হাট বসেছে কক্সবাজার সদর উপজেলার খরুলিয়া বাজারে। প্রতিদিনই গরু বিক্রি হচ্ছে হাটে। গত দুই দিনে এই হাটে অন্তত দেড় হাজার পশু বিক্রি হয়েছে বলে জানিয়েছেন ওই হাটের ব্যবসায়ী আবু তাহের।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. নজরুল ইসলাম চৌধুরী প্রথম আলোকে বলেন, জেলার আট উপজেলায় ৪৪টি পশুর হাট বসানো হয়েছে। এই বাজারগুলো তদারকি করার জন্য গঠন করা হয়েছে ১০টি ভ্রাম্যমাণ মেডিকেল দল। তারা গতকাল থেকে দায়িত্ব পালন করছে।