ক্রেতার ভিড়ে সরগরম বিপণিবিতান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের একটি বিপণিবিতানে শাড়ি দেখছেন ক্রেতারা l প্রথম আলো
কক্সবাজারের একটি বিপণিবিতানে শাড়ি দেখছেন ক্রেতারা l প্রথম আলো

শেষ মুহূর্তে কক্সবাজার শহরের ঈদ বাজার জমে উঠেছে। বৃষ্টি ও বন্যার কারণে এত দিন বিপণিবিতানগুলো ফাঁকা ছিল। এখন ক্রেতার ভিড়ে সরগরম ছোট-বড় প্রতিটি বিপণিবিতান।
দোকানিরা জানান, গত বছর মেয়েদের পোশাকে বাজার দখল করেছিল ‘পাখি’। এবার চলছে ‘কিরণমালা’। এ ছাড়াও ভারতীয় বিভিন্ন শাড়িও কিনছেন ক্রেতারা। এসব শাড়ির দাম পড়ছে ৫ থেকে ৩০ হাজার টাকা। দেশীয় শাড়ির মধ্যে মসলিন, জামদানি, কাতান, জর্জেটের কাটতি ভালো। এসব শাড়ির ২ থেকে ১২ হাজার টাকার মধ্যে পাওয়া যাচ্ছে।
গত বৃহস্পতিবার বিকেলে শহরের সমবায় সুপার মার্কেটে দেখা গেল মেয়েদের উপচেপড়া ভিড়। এই বিপণিবিতানে অন্তত ২০টির বেশি দোকানে দেদার বিক্রি হচ্ছে ‘কিরণমালা’, ‘হাইয়া’, ‘জেসি’, ‘বিপুল’সহ নানা ডিজাইনের থ্রিপিস। দাম ৩ থেকে ২৬ হাজার টাকা।
এই বিপণিবিতানের ‘পরশমণি’ দোকানের বিক্রয়কর্মী মো. আবু তাহের জানান, কিরণমালার পাশাপাশি পাকিস্তানি থ্রিপিস ‘মোতিজ’, ‘রানার্স’ ও ‘তোয়াক্কল’ বিক্রি হচ্ছে। পাশের সুরভি, আধুনিকা ও নীলাচল দোকানেও দেখা গেল ক্রেতার ভিড়।
শহরের ফিরোজা শপিং কমপ্লেক্স, এ সালাম শপিং মার্কেট, ফজল মার্কেট, হকার্স মার্কেট, নিউমার্কেট, সুপার মার্কেট, সি-কুইন মার্কেট, আপন টাওয়ার, আবু সেন্টার, সৈকত টাওয়ার, কোরাল রিফ প্লাজা, হাজেরা শপিং সেন্টার, বার্মিজ মার্কেটসহ বিভিন্ন বিপণিবিতানে দোকানিদের দম ফেলার যেন ফুরসত নেই। দুপুর থেকে গভীর রাত পর্যন্ত চলছে বিকিকিনি।
শহরের পানবাজার সড়কের রাজস্থান নামের একটি ফ্যাশন হাউসের ব্যবস্থাপনা পরিচালক সাজ্জাদ হোসেন জানান, বন্যার কারণে ক্ষতিগ্রস্ত লোকজন ২০ রোজা পর্যন্ত ঈদ বাজারমুখী হননি। এখন শেষ মুহূর্তে বিক্রি বাড়ছে।
কেনাকাটা করতে আসা কলাতলী এলাকার গৃহবধূ সুফিয়া খাতুন বলেন, স্কুলপড়ুয়া মেয়ের আবদার রক্ষায় আট হাজার টাকায় একটি কিরণমালা থ্রিপিস কিনতে চেয়েছিলাম। কিন্তু ১১ হাজার টাকার কমে সেটি বিক্রি করেনি। এখন পাঁচ হাজার ৬০০ টাকায় গাউন কিনেছি। এটা দেখতে অনেকটা কিরণমালার মতো।
বার্মিজ মার্কেট এলাকার আমেনা শপিং কমপ্লেক্সর এসএন কালেকশন দোকান মালিক রিসাদ রহমান জানান, তরুণদের পছন্দ বিভিন্ন ব্র্যান্ডের শার্ট, প্যান্ট, পাঞ্জাবি ও ফতুয়া।