গাইবান্ধা শহরের অভিজাত বিপণিবিতানগুলোতে ঈদের কেনাকাটা এখনো জমে ওঠেনি। তৈরি পোশাক বিক্রির দোকানে কিছু কিছু ক্রেতা এলেও বাকি দোকানগুলো ফাঁকা। ক্রেতারা এখন কেনাকাটা না করে শুধু ঘুরে দেখছেন।
ঈদ সামনে রেখে গাইবান্ধা শহরের অভিজাত বিপণিবিতানগুলো নানা রঙের বাতি দিয়ে সাজানো হয়েছে। গত রোববার রাতে দেখা যায়, শহরের সালিমার সুপার মার্কেট, তরফদার ম্যানশন, ইসলাম প্লাজা, পৌর মার্কেট, শাপলা মার্কেট, গোবিন্দ প্লাজায় রঙিন বাতি জ্বলছে। কিন্তু দোকানে ক্রেতা নেই। ক্রেতার অভাবে দোকানিরা অলস সময় পার করছেন।
শহরের পৌর মার্কেটের মিলন গার্মেন্টসের মালিক সামসুজোহা প্রামাণিক বলেন, ‘বর্তমানে বাজারে চালসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম অনেক বেশি। ফলে মানুষের নাভিশ্বাস উঠেছে। এ ছাড়া প্রায় এক মাস শহরে দরজিশ্রমিকদের ধর্মঘট চলছিল। এসব কারণে বেচাকেনা জমছে না। আশা করি, অল্প দিনের মধ্যে বেচাকেনা জমে উঠবে।’
এ বছর মার্কেটগুলোতে ফ্লোর টাচ, লম্বা ফ্রক, ঝিলিক নামে মেয়েদের কাপড় পাওয়া যাচ্ছে। প্রতিটি জামা বা থ্রিপিসের দাম ১ হাজার ২০০ টাকা থেকে ১০ হাজার টাকা। আর ছেলেদের পোশাকের মধ্যে ‘মোদি’ বেশি চলছে।
গতকাল সোমবার বিকেলে শহরের কয়েকটি মার্কেট ঘুরে দেখা গেছে, দোকানিরা নিজেদের মধ্যে গল্প করে সময় কাটাচ্ছেন। কেউ কেউ নতুন আসা কাপড় গুছিয়ে রাখছেন। বিক্রেতারা বলছেন, ক্রেতা আসছে। কিন্তু বেচাকেনা নেই। অনেকে এখন শুধু কাপড় দেখতে এসেছেন। অনেকে টুকটাক দামাদামি করছেন।
সালিমার সুপার মার্কেটের পোশাকবিক্রেতা রংবেরং-এর মালিক বাপ্পা সাহা বললেন, গত বছর রমজান মাসের প্রথম সপ্তাহ থেকে বেচাকেনা জমে ওঠে। এ বছর রমজানের অর্ধেকের বেশি দিন চলে যাচ্ছে। কিন্তু ক্রেতা নেই বললেই চলে। এর কারণ জানতে চাইলে তিনি বলেন, সাধারণত চাকরিজীবীদের বেতন-ভাতা ও বোনাস পাওয়ার ওপর নির্ভর করে কেনাকাটা। তাঁরা এখনো বোনাস পাননি। তাই এ অবস্থা চলছে।
একই মার্কেটের পোশাকবিক্রেতা ‘সুকন্যা’র স্বত্বাধিকারী হাসান ইকবাল বলেন, মফস্বলের মার্কেটের বেচাকেনা অনেকটা কৃষিনির্ভর। গত বছরের তুলনায় এ বছর বোরো ধানের ফলন ভালো হয়েছে। এবার ধানের দামও বেশি। আশা ছিল বেচাকেনা বেশি হবে। অথচ বিক্রি জমছে না। এর পেছনে কারণ হিসেবে তিনি বলেন, ধানের দাম আরও বাড়তে পারে এই আশায় কৃষকেরা ধান বিক্রি করছেন না। তাই ঈদ মার্কেটে এর প্রভাব পড়েছে।