ক্রেতারা ব্যবসা সরাবে না: বিজিএমইএ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুলশানের হলি আর্টিজান বেকারিতে গত শুক্রবারের জঙ্গি হামলার ঘটনায় বিদেশি ক্রেতারা বাংলাদেশ থেকে ব্যবসা সরাবে না বলে জানিয়েছে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ।

ঈদুল ফিতর সামনে রেখে রপ্তানিমুখী পোশাকশিল্পের বর্তমান শ্রম পরিস্থিতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ কথা জানায় সংগঠনটি। রাজধানীর কারওয়ান বাজারে বিজিএমইএ কার্যালয়ে আজ সোমবার প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
বিজিএমইএর সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, জঙ্গি হামলার ঘটনায় কি প্রভাব পড়বে সেটি বলার সময় এখন না। তবে সাময়িক কিছু প্রভাব পড়তে পারে। তিনি বলেন, ‘আমরা আশা করি, এবারের সমস্যা দ্রুত কাটিয়ে উঠব। ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে সরকার কার্যকর উদ্যোগ নেবে। আমাদের সবাইকে নজর রাখতে হবে যেন আমাদের সন্তানেরা এই ধরনের (জঙ্গি সংশ্লিষ্ট) সংগঠনের সঙ্গে জড়িত না হয়।’
জঙ্গি হামলার পর বিদেশি ক্রেতাদের কাছে কি প্রতিক্রিয়া পাওয়া গেছে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বিজিএমইএর সভাপতি বলেন, ‘পোশাকের বিদেশি ক্রেতা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা ঈদের ছুটিতে আছেন। ছুটি থেকে ফিরতে তাদের আরও সময় লাগবে। তবে বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি পণ্য যাঁরা কেনেন তারা আমাদের জানিয়েছেন, তারা এ দেশ থেকে ব্যবসা সরাবে না।’
প্রেস ব্রিফিংয়ের শুরুতে গুলশানের জঙ্গি ঘটনায় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা ও তাঁদের আত্মার শান্তির জন্য মোনাজাত করা হয়।
বিজিএমইএর সভাপতি বলেন, ঈদের আগে পোশাক কারখানাগুলো শ্রমিকদের ঠিকমতো বেতন-ভাতা দিচ্ছে কিনা সেটি পর্যবেক্ষণ করছে বিজিএমইএ। সংগঠনটি এক হাজার ৩১৯টি কারখানা পরিদর্শন করেছে। এসব কারখানার ৪৪টিতে সমস্যা হওয়ার আশঙ্কা থাকলেও সেগুলো সমাধান করা হয়েছে।
সিদ্দিকুর রহমান বলেন, বিজিএমইএর পরিদর্শন করা ১ হাজার ৩১৯ কারখানার মধ্যে ৯৯ দশমিক ৯৫ শতাংশ শ্রমিকদের উৎসব ভাতা বা ঈদ বোনাস দিয়ে দিয়েছে। এ ছাড়া জুন মাসের বেতনও অধিকাংশ কারখানা দিয়েছে। বাকিরা আজ সোমবার দিচ্ছে।
বিজিএমইএর সভাপতি আরও বলেন, ‘অধিকাংশ পোশাক কারখানা মালিক বেতন-ভাতা পরিশোধ করেছে। এ জন্য শ্রমিক ভাই-বোনেরা এবারের ঈদ আনন্দঘন পরিবেশে পরিবার পরিজনকে নিয়ে উদ্‌যাপন করতে পারবেন বলে আমরা আশা করছি।’
প্রেস ব্রিফিংয়ে বিজিএমইএর সহসভাপতি ফারুক হাসান, মাহমুদ হাসান, মোহাম্মদ নাছির, ফেরদৌস পারভেজ বিভন প্রমুখ উপস্থিত ছিলেন।