
কোরবানির পশুতে পুরো হাট ঠাসা ছিল। বিপুল পরিমাণ পশু যেমন উঠেছিল তেমনি বিক্রেতাদের ভিড় ছিল চোখে পড়ার মতো। তবে ছিল না আশানুরূপ ক্রেতা। ফলে অনেকটা বাধ্য হয়ে কম দামে ব্যাপারী আর মৌসুমি ব্যবসায়ীদের কাছে পশু বিক্রি করেছেন বিক্রেতারা। বেশির ভাগ ক্রেতা হাট থেকে গরু ফেরত নিয়ে গেছেন।
গতকাল বুধবার উত্তরাঞ্চলের অন্যতম কোরবানির পশুহাট বগুড়ার মহাস্থান হাটের চিত্র ছিল এমনই।
মৌসুমি ব্যবসায়ীরা জানান, মহাস্থান হাট থেকে কেনা গরু তাঁরা পাঠাচ্ছেন রাজধানীর গাবতলী, সিলেট ও চট্টগ্রামের কোরবানির হাটে।
গতকাল বুধবার সরেজমিনে ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, মহাস্থানে সারা বছর গবাদিপশুর বেচাকেনা হলেও কোরবানি উপলক্ষে গরু-ছাগলের আমদানি কয়েক গুণ বেড়ে যায়। এবারের কোরবানি উপলক্ষে প্রথম হাট ছিল গতকাল বুধবার।
তবে গরুর ব্যাপক সরবরাহ হলেও কোরবানির পশুর ক্রেতা ছিল একেবারেই কম। এই সুযোগে মৌসুমে ব্যবসায়ী ও ব্যাপারীরা বেশ কম দামে কৃষক-খামারিদের কাছ থেকে গরু-ছাগল কিনে নিয়েছেন। হাট ঘুরে দেখা গেছে, দেশি জাতের গরুর আমদানি ছিল বেশি। ছিল বিদেশি জাতের কিছু বড় আকারের গরু এবং ভারত থেকে আসা গরু। তবে বিক্রি বেশি হয়েছে দেশি জাতের গরু।
বগুড়া সদর উপজেলার ধরমপুরের খামারি আবদুর রাজ্জাক বিদেশি জাতের একটি গরু বিক্রি করতে এসেছিলেন। আট মণ ওজনের গরুটির দাম চান তিনি ১ লাখ ৬০ হাজার টাকা। তবে দিনভর বসে অপেক্ষা করলেও কেউ গরুর দাম করেননি। শেষমেশ গরুটি বাড়িতে ফিরিয়ে নিয়ে যান রাজ্জাক।
সদরের লাহিড়ীপাড়ার খামারি সাইফুল ইসলাম বিদেশি জাতের বড় পাঁচটি গরু হাটে তুলেছিলেন। সাত থেকে আট মণ ওজনের এসব গরুর দাম তিনি চাইলেন প্রতিটি ২ লাখ ২০ হাজার টাকা। তবে ক্রেতা না থাকায় শেষ পর্যন্ত তা বিক্রি হয়নি।
বিক্রেতাদের আশা, আগামী হাটে কোরবানির বাজার জমে উঠবে।
হাটের ইজারাদার আজমল হোসেন বলেন, মহাস্থান হাট এই অঞ্চলের কোরবানির সবচেয়ে বড় পশুহাট। অন্য বছর ঈদের ১০ দিন আগে থেকেই ক্রেতা-বিক্রেতাদের ভিড়ে পশুহাট জমে উঠত। কিন্তু এবার তা জমে ওঠেনি। বুধবার হাটে বিপুল পরিমাণ পশুর আমদানি হলেও ক্রেতা ছিল না। কিছু ব্যাপারী কম দামে কোরবানির পশু কিনেছেন। অনেকেই হাট থেকে গরু-ছাগল ফেরত নিয়ে গেছেন।