ক্রেন ছিঁড়ে দুই শ্রমিক আহত
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় গতকাল শনিবার মেঘনা নদীর ওপর নির্মাণাধীন দ্বিতীয় ভৈরব রেল সেতুর নির্মাণকাজে ব্যবহৃত ক্রেন ছিঁড়ে দুই শ্রমিক গুরুতর আহত হয়েছেন।
আহত শ্রমিকেরা হলেন পলাশ মিয়া (৩৫) ও লিটন মিয়া (৩২)। তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল বেলা সাড়ে ১২টার দিকে দ্বিতীয় ভৈরব রেলসেতুর আশুগঞ্জ এলাকায় সেতুর পিলার (স্তম্ভ) নির্মাণের জন্য ১০ টন ওজনের একটি খাঁচা বানানো হয়। খাঁচাটি ক্রেনের সঙ্গে বেঁধে সেতুর পিলার নির্মাণের জায়গায় নেওয়া হচ্ছিল। এ সময় ক্রেনের হুক ছিঁড়ে এটি নিচে পড়ে যায়। এ সময় খাঁচা স্থানান্তরের কাজে নিয়োজিত শ্রমিক পলাশ ও লিটন গুরুতর আহত হন। পরে অন্য শ্রমিকেরা তাঁদের উদ্ধার করে কিশোরগঞ্জের বাজিতপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন।
এ ব্যাপারে দ্বিতীয় ভৈরব রেলসেতু নির্মাণকাজের প্রকল্প পরিচালক আবদুল হাই প্রথম আলোকে বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট কর্মকর্তাকে বিষয়টি তদন্ত করার জন্য বলা হয়েছে। আহত শ্রমিকদের উন্নত চিকিৎসা দেওয়ার জন্য সব ধরনের ব্যবস্থা নিতে বলা হয়েছে।