পদ্মা সেতুর খুঁটির ওপর বসানোর জন্য ইস্পাতের যে কাঠামো বা স্প্যান তৈরি করা হয়েছে, তা ক্রেনে তুলে পরীক্ষা করা হয়েছে। গতকাল রোববার মাওয়া প্রান্তে এই পরীক্ষা চালানো হয়। আগামী জুলাইয়ের শেষ দিকে এই কাঠামো খুঁটির ওপর বসানোর পরিকল্পনা করেছে সেতু বিভাগ।
সেতু বিভাগ সূত্র বলেছে, পদ্মা সেতুর জন্য নদীতে মোট খুঁটি বা পিলার ৪২টি। এসব খুঁটির ওপর ইস্পাতের ৪১টি স্প্যান বসানো হবে। এর প্রতিটি ১৫০ মিটার লম্বা। প্রতিটি স্প্যানের ওজন তিন হাজার টনের বেশি। যে ক্রেন দিয়ে এই স্প্যান পরীক্ষা করা হয়েছে, সেটির ভার বহনের ক্ষমতা প্রায় চার হাজার টন। গতকাল সকালে মাওয়ার নির্মাণ মাঠ থেকে একটি স্প্যান ক্রেনে তোলা হয়। এরপর এই স্প্যান ক্রেনে রেখে দেওয়া হয়। আজ সোমবার নদীতে চক্কর দেওয়া হবে। এরপর আবার নির্মাণ মাঠে নামিয়ে রাখা হবে।
জানতে চাইলে পদ্মা সেতু প্রকল্পের নির্বাহী প্রকৌশলী আবদুল কাদের প্রথম আলোকে বলেন, বিপুল ওজনের স্প্যান বসানোর কাজটি মসৃণভাবে করার জন্যই এসব পরীক্ষা-নিরীক্ষা চলছে। স্প্যান তোলার কাজটি পুরোটাই কম্পিউটারের মাধ্যমে সম্পন্ন করা হয়েছে।
সেতু বিভাগের কর্মকর্তারা বলেন, পদ্মা সেতুর স্প্যানের অংশ চীনে তৈরি হয়। মাওয়ার নির্মাণ মাঠে এনে টুকরোগুলো জোড়া দিয়ে ১৫০ মিটারের স্প্যান তৈরি করা হয়। বর্তমানে এমন আটটি স্প্যান তৈরির কাজ চলছে। তিনটি স্প্যান একেবারে খুঁটিতে বসানোর মতো প্রস্তুত হয়ে আছে। আর চীনে আরও ১৩টি স্প্যানের অংশ তৈরি হয়ে আছে। কিন্তু মাওয়ার মাঠে জায়গার অভাবে সেগুলো আনা হচ্ছে না।
সূত্র বলেছে, পদ্মা সেতুর স্প্যান বসানোর কাজ প্রথমে হবে জাজিরা প্রান্তে। আর স্প্যানগুলো আছে মাওয়ায়। ক্রেনে করে প্রায় সাত কিলোমিটার পথ পাড়ি দিয়ে পানি থেকে ১২০ ফুট উঁচুতে তা বসাতে হবে। এ জন্যই কোনো ত্রুটি আছে কি না, তা যাচাই করার জন্য পরীক্ষামূলক কর্মকাণ্ড পরিচালনা করা হচ্ছে।