মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব গোলাম মোস্তফাকে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করা হয়েছে। বুধবার সন্ধ্যায় জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অবিস্মরণীয় অবদানের জন্য বিভিন্ন দেশের রাষ্ট্রনায়ক, রাজনীতিবিদ, দার্শনিক, শিল্পী-সাহিত্যিক, বুদ্ধিজীবী, বিশিষ্ট নাগরিক ও সংগঠনকে সম্মাননা স্মারক হিসেবে দেওয়া ক্রেস্টে যে পরিমাণ সোনা থাকার কথা ছিল, তা দেওয়া হয়নি। আর রুপার বদলে দেওয়া হয় পিতল, তামা ও দস্তা।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব গোলাম মোস্তফা ছিলেন ওই ক্রেস্ট ক্রয়-সংক্রান্ত কমিটির প্রধান।
ক্রেস্টের সোনা নিয়ে গত ৬ এপ্রিল প্রথম আলোতে ‘বিদেশি বন্ধু ও সংগঠনকে মুক্তিযুদ্ধের সম্মাননা, ক্রেস্টের স্বর্ণের ১২ আনাই মিছে!’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।
প্রসঙ্গত, ভুয়া মুক্তিযোদ্ধা সনদ নেওয়ার অভিযোগে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়েরই যুগ্ম সচিব আবুল কাশেমকে গত ২০ এপ্রিল ওএসডি করা হয়েছিল।