ক্রেস্ট জালিয়াতির নথি সংসদীয় তদন্ত দলের কাছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধে অবদান রাখা বিদেশি বন্ধুদের দেওয়া ক্রেস্টের জালিয়াতি-সংক্রান্ত নথিপত্র সংসদীয় তদন্ত দলের হাতে পৌঁছেছে৷ গতকাল বুধবার সংসদ ভবনে অনুষ্ঠিত তদন্ত কমিটির বৈঠকে ওই নথিপত্র পর্যালোচনা করা হয়েছে৷
এ প্রসঙ্গে জানতে চাইলে গতকাল তদন্ত দলের প্রধান আফসারুল আমিন প্রথম আলোকে বলেন, মন্ত্রণালয়ের তদন্ত প্রতিবেদন কমিটির হাতে এসেছে৷ এ ছাড়া বিদেশি বন্ধুদের দেওয়া ক্রেস্ট সরবরাহকারী প্রতিষ্ঠানকে কারা দায়িত্ব দিয়েছে এবং কেনাকাটার সঙ্গে কারা জড়িত ছিল—এ-সংক্রান্ত্র নথিপত্র মন্ত্রণালয় থেকে কমিটির কাছে পাঠানো হয়েছে৷ কমিটি নথি পর্যালোচনা করেছে৷ এ বিষয়ে চূড়ান্ত প্রতিবেদন তৈরি করতে আরও কয়েকটি বৈঠক করতে হবে৷
গত ২৪ এপ্রিল মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে ক্রেস্টে সোনা কম দেওয়ার বিষয়টি তদন্তের সিদ্ধান্ত হয়৷ এ জন্য আফসারুল আমিনকে আহ্বায়ক এবং গাজী গোলাম দস্তগীর ও ইকবালুর রহিমকে সদস্য করে একটি উপকমিটি করা হয়৷ এ মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলাম বর্তমানে সংশ্লিষ্ট সংসদীয় কমিটির সদস্য৷