ক্রেস্ট না ক্যাশ চাই ক্যাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘যদি কেউর উপঢৌকন দেওয়ার ইচ্ছা থাকে, তবে আর এই ক্রেস্ট না। ক্যাশ (নগদ অর্থ) চাই, ক্যাশ।’
গণসংবর্ধনায় দেওয়া বক্তব্যে জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ এ কথা বলেছেন।
গত শুক্রবার বিকেলে তাঁর নির্বাচনী এলাকা পটুয়াখালীর বাউফল উপজেলা সদরের পাবলিক মাঠে উপজেলা আওয়ামী লীগ ও দলের সহযোগী সংগঠনের উদ্যোগে চিফ হুইপকে গণসংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে আওয়ামী লীগের বিভিন্ন কমিটির পক্ষ থেকে চিফ হুইপকে একের পর এক ক্রেস্ট উপহার দেওয়া হয়। একপর্যায়ে হুইপ মাইক নিয়ে বলেন, ‘সমস্ত ক্রেস্ট আমি পরে নেব। এখন দয়া করে পটুয়াখালী জেলা থেকে যাঁরা আসছেন, দু-একজন বলবেন, আমাদের প্রধান অতিথি, আমি বলব, তারপর আমাদের সভাপতি, উনিও বলবেন। কাজেই এখন সময় নাই। যার যার পাওনা আছে (ক্রেস্ট দেওয়া বাকি আছে) আগামীকাল নয়টা থেকে রাত তিনটা পর্যন্ত আমার দলীয় কার্যালয়ে বসব। যদি কারও উপঢৌকন দেওয়ার ইচ্ছা থাকে, তবে আর এ ক্রেস্ট নয়, ক্যাশ চাই। টাকা, কথাটা বোঝেন নাই। নির্বাচন করতে গেলে অনেক লাগে।’
গণসংবর্ধনা অনুষ্ঠানটি স্থানীয় কেব্ল অপারেটরের মাধ্যমে টিভিতে সরাসরি সম্প্রচার করা হয়। কয়েক হাজার জনতার উপস্থিতিতে দেওয়া বক্তৃতায় চিফ হুইপের এভাবে টাকা চাওয়ার ঘটনাটি দলের নেতা-কর্মীসহ স্থানীয় মানুষের মধ্যে আলোচনার প্রধান বিষয়বস্তুতে পরিণত হয়।
অনুষ্ঠানে যেতে পারেননি এমন অনেকে টেলিভিশনে চিফ হুইপের এই বক্তব্য শুনে হতবাক হয়ে যান। আবার গতকাল দেখা গেছে, রাস্তায় তরুণ-যুবকেরা একে অন্যকে দেখলে ‘ক্যাশ চাই, ক্যাশ’ বলে হাস্যরস করছেন।
জাকির হোসেন নামে বাউফল পৌরসভার একজন ব্যবসায়ী বলেন, ‘এইডাও দেশ। চিফ হুইপেও মাইকে টাহা চায়।’
জানতে চাইলে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন ফরাজি প্রথম আলোকে বলেন, ‘প্রথমে বিশ্বাস করতে পারিনি। পরে ভিডিও দেখে হতবাক হয়ে গেছি।’
নাগরিক কমিটির আহ্বায়ক সৈয়দ আহম্মেদ মিয়া বলেন, ‘তাঁর (চিফ হুইপ) ওই বক্তব্যে সবাই হতবাক, বিস্মিত।’
এই বক্তব্যের বিষয়ে জানতে চাইলে চিফ হুইপ গতকাল শনিবার প্রথম আলোকে বলেন, ‘ক্যাশের কথা বলছি। তবে তা দলের জন্য।’
ব্যাপক আয়োজন করে জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজকে সংবর্ধনা দেওয়া হয়। তাঁকে অভিনন্দন জানিয়ে তৈরি করা হয় দেড় শতাধিক তোরণ। উপজেলার বগা লঞ্চঘাট এলাকা থেকে কালাইয়া বন্দর পর্যন্ত ১৫ কিলোমিটার সড়ক সাজানো হয়েছে নানা রঙের পোস্টার, ব্যানার ও ফেস্টুনে। রাস্তায় দাঁড় করিয়ে রাখা হয় শিক্ষার্থীদের।
সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হারুনুর রশিদ খান।