ক্রেস্ট নয়, 'মানপত্র' চাইলেন সাংসদ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাট-২ (আক্কেলপুর-কালাই-ক্ষেতলাল) আসনের সাংসদ ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ উপহার হিসেবে তাঁকে ক্রেস্টের বদলে শিক্ষার্থীদের হাতের লেখা ‘মানপত্র’ দেওয়ার আহ্বান জানিয়েছেন।

আজ সোমবার জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর ইউনিয়নের বিনঝাড় মাঠে অনুষ্ঠিত তিলকপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনী কর্মিসভায় তিনি এই আহ্বান জানান।

কর্মিসভায় প্রধান অতিথি হিসেবে সাংসদ আবু সাঈদ আল মাহমুদ অনুষ্ঠান মঞ্চে আসার পরপরই তাঁর দলের নেতা-কর্মী ও এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকেরা তাঁকে উপহার হিসেবে ক্রেস্ট দিচ্ছিলেন। পরে তিনি উপস্থিত দলীয় নেতা-কর্মী ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের উদ্দেশে বলেন, ‘এখন থেকে আপনারা আমাকে কোনো ক্রেস্ট উপহার দেবেন না। কেউ দিলেও তা গ্রহণ করব না। যদি আমাকে কিছু উপহার দেন, তাহলে কোমলমতি শিক্ষার্থীদের হাতে লেখা মানপত্র দেবেন। সেই উপহার সারা জীবন সংরক্ষণ করে রাখব।’

অনুষ্ঠানে আসা একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, এলাকায় সংসদ সদস্য আসছেন। উপহার হি​সেবে অনেক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সাংসদকে ক্রেস্ট দেওয়া হবে সেটি জানার পর আমরাও ক্রেস্ট দিয়েছি। এখন থেকে সংসদ সদস্য মহোদয় উপহার হিসেবে ক্রেস্ট নেবেন না বলে মাইকে জানিয়ে দিয়েছেন। কোমলমতি শিক্ষার্থীদের হাতে লেখা মানপত্র উপহার হিসেবে নেবেন। এতে শিক্ষকদের ওপর বাড়তি চাপ পড়বে না। এটি সাংসদ মহোদয়ের একটি ভালো উদ্যোগ।

সাংসদ আবু সাঈদ আল মাহমুদ অনুষ্ঠানে বলেন, ‘আমি আপনাদের সংসদ সদস্য নই, খাদেম। আপনারা আমাকে পাঁচ বছরের জন্য খাদেম বানিয়েছেন। যদি খাদেম হিসেবে ভালো করতে পারি তাহলে আপনারা ফের খাদেম বানাবেন।’