ক্রেস্টে সোনা জালিয়াতিতে জড়িতদের শাস্তি দাবি

মুক্তিযুদ্ধের বিদেশি বন্ধু ও সংগঠনের সম্মাননা ক্রেস্টে সোনা জালিয়াতিতে জড়িত ব্যক্তিদের শাস্তি দাবি করেছে সেক্টর কমান্ডারস ফোরাম। একই সঙ্গে তারা ভুয়া মুক্তিযোদ্ধা সনদ দেওয়া বা নেওয়ায় জড়িত ব্যক্তিদের বিচার দাবি করেছেন।
আজ রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি করে বিবৃতি পাঠায় সংগঠনটি।
ফোরামের ভারপ্রাপ্ত মহাসচিব হারুন হাবীবের সই করা ওই বিবৃতিতে বলা হয়, যেসব ব্যক্তি ও সংগঠন ১৯৭১ সালে গণহত্যার বিরোধিতা করেছিলেন, মুক্তিকামী মানুষের পক্ষে দাঁড়িয়েছিলেন, তাঁদের সম্মাননা ক্রেস্ট তৈরিতে সোনা চুরি নিয়ে যে অভিযোগ উঠেছে তা জাতি হিসেবে আমাদের মর্যাদাহানি করেছে। যে বা যারা এই জালিয়াতির সঙ্গে জড়িত থাকুন না কেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদের শনাক্ত ও উপযুক্ত শাস্তির বিধান করা জরুরি বলে ফোরাম মনে করে।
বিবৃতিতে জানানো হয়, মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্র করা হয়েছে। তাঁদের অপমান ও অবমূল্যায়ন করা হয়েছে। অমুক্তিযোদ্ধা এমনকি মুক্তিযুদ্ধবিরোধীদের তালিকাভুক্ত করারও অভিযোগ আছে। বিগত কয়েক বছরে বিভিন্ন পেশার কয়েক হাজার মুক্তিযোদ্ধা সনদ সরবরাহ করা হয়েছে। যাদের অনেকেই প্রকৃতপক্ষে মুক্তিযোদ্ধা নয়। সেক্টর কমান্ডারস ফোরাম মনে করে, স্বাধীনতার চার দশক পর সরকারি, আধা সরকারি বা বিভিন্ন সংস্থা বা প্রতিষ্ঠানে মুক্তিযোদ্ধা সনদ সরবরাহ করা এবং তাদের বিশেষ চাকরিগত সুবিধা নিশ্চিত করা কেবলই অনৈতিক নয়, একই সঙ্গে তারা মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে প্রতারণার শামিল। এই প্রতারণার সঙ্গে যে বা যারাই জড়িত থাকুক না কেন, তাদের শনাক্ত করা এবং দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া জরুরি।
বিষয় দুটি জাতীয় গুরুত্বপূর্ণ বিবেচনায় প্রধানমন্ত্রীর কাছে জড়িত ব্যক্তিদের বিচারের দাবি জানিয়েছে সংগঠনের নেতারা।
প্রসঙ্গত, মহান মুক্তিযুদ্ধে অবদান রাখা বিদেশি ব্যক্তিত্ব ও সংগঠনকে সম্মাননা দেওয়ার জন্য সরকার ২০১২ সালে ৩৩৮টি ক্রেস্ট তৈরি করে। পরে বিএসটিআইয়ের পরীক্ষায় বেরিয়ে আসে এক ভরির (১১ দশমিক ৬৬৪ গ্রাম) জায়গায় ক্রেস্টে সোনা পাওয়া গেছে মাত্র ২ দশমিক ৩৬৩ গ্রাম। আর ৩০ ভরি রুপার বদলে ৩৫১ গ্রাম পিতল, তামা ও দস্তা মিশ্রিত সংকর ধাতু পাওয়া গেছে।
এ বিষয়ে ৬ এপ্রিল প্রথম আলোতে ‘বিদেশি বন্ধু ও সংগঠনকে মুক্তিযুদ্ধের সম্মাননা, ক্রেস্টের স্বর্ণের ১২ আনাই মিছে!’ শিরোনামে প্রতিবেদন ছাপা হয়।