ক্রেস্টে 'জালিয়াতি'র শাস্তি দাবি সেক্টর কমান্ডারস ফোরামের
মুক্তিযুদ্ধের বিদেশি বন্ধু ও সংগঠনকে দেওয়া সম্মাননা ক্রেস্টে সোনা ‘জালিয়াতি’তে যাঁরা জড়িত ও যাঁদের বিরুদ্ধে চুরির অভিযোগ উঠেছে, তাঁদের আইনের আওতায় এনে শাস্তি দেওয়ার দাবি জানিয়েছে সেক্টর কমান্ডারস ফোরাম।
একই সঙ্গে সংগঠনটি ভুয়া মুক্তিযোদ্ধা সনদ দেওয়া বা নেওয়া নিয়ে যাঁরা প্রতারণা করেছেন, তাঁদের বিচার দাবি করেছে। গতকাল রোববার এক বিবৃতিতে এ দাবি করা হয়। এতে স্বাক্ষর করেন ফোরামের ভারপ্রাপ্ত মহাসচিব হারুন হাবীব।
বিবৃতিতে বলা হয়, ‘যেসব ব্যক্তি ও সংগঠন ১৯৭১ সালে পাকিস্তানি গণহত্যার বিরুদ্ধাচরণ করেছিলেন, মুক্তিকামী মানুষের পক্ষে দাঁড়িয়েছিলেন, তাঁদের সম্মাননা ক্রেস্ট তৈরিতে সোনা চুরি নিয়ে যে অভিযোগ উঠেছে, তা জাতি হিসেবে আমাদের মর্যাদাহানি করেছে। যে বা যাঁরা এই জালিয়াতির সঙ্গে জড়িত থাকুন না কেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাঁদের শনাক্ত ও উপযুক্ত শাস্তির বিধান করা জরুরি বলে ফোরাম মনে করে।’
বিবৃতিতে আরও বলা হয়, গত কয়েক বছরে কয়েক হাজার মুক্তিযোদ্ধা সনদ সরবরাহ করা হয়েছে, যাঁদের অনেকেই মুক্তিযোদ্ধা নন। স্বাধীনতার চার দশক পর সরকারি, আধা সরকারি বা বিভিন্ন সংস্থা বা প্রতিষ্ঠানে মুক্তিযোদ্ধা সনদ সরবরাহ করা এবং তাঁদের বিশেষ চাকরিগত সুবিধা নিশ্চিত করা মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে প্রতারণার শামিল। বিষয় দুটি জাতীয় গুরুত্বপূর্ণ বিবেচনায় প্রধানমন্ত্রীর কাছে জড়িতদের বিচারের দাবি জানিয়েছে সংগঠনটি।