ক্রেস্টের জালিয়াতি তদন্ত করবে সংসদীয় কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ বি তাজুল ইসলাম মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী থাকা অবস্থায় মুক্তিযুদ্ধের বিদেশি বন্ধু ও সংগঠনকে দেওয়া সম্মাননা ক্রেস্টে স্বর্ণ কম দেওয়ার ঘটনা ঘটেছিল। সেই প্রতিমন্ত্রী এখন একই মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি। আজ বৃহস্পতিবার তাঁরই সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির বৈঠকে ক্রেস্টের জালিয়াতি তদন্তে সংসদীয় উপকমিটি গঠন করা হয়েছে।

তদন্ত কমিটির আহ্বায়ক আফসারুল আমিন। সদস্য হিসেবে আছেন গোলাম দস্তগীর গাজী ও ইকবালুর রহিম। বৈঠক শেষে কমিটির সভাপতি তাজুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।
তাজুল ইসলাম প্রতিমন্ত্রী থাকা অবস্থায় সম্মাননা ক্রেস্ট নিয়ে জালিয়াতির ঘটনা ঘটেছিল—এ প্রসঙ্গে জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, ঠিকাদার অত্যধিক লাভ করতে গিয়ে এই জালিয়াতি করেছেন। এ বিষয়ে বিএসটিআই সময়মতো প্রতিবেদন দেয়নি। এ কারণে তখন বিষয়টি জানা যায়নি।
বৈঠক সূত্র জানায়, বৈঠকে ক্রেস্ট জালিয়াতির বিষয়টি উত্থাপন করেন সাংসদ ইকবালুর রহিম। এ সময় কমিটির অন্য সদস্যরা বলেন, এ জালিয়াতির ফলে আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে শাস্তি দেওয়ার প্রস্তাব করেন তাঁরা। কমিটির সভাপতি তাজুল ইসলাম তাঁদের মতে সায় দেন।
সংসদ সচিবালয় থেকে জানানো হয়, বৈঠকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে মুক্তিযুদ্ধের ওপর তিন থেকে ১০ মিনিটের প্রামাণ্যচিত্র নির্মাণ করে তা দেশের সব সিনেমা হলে প্রদর্শনের পদক্ষেপ নেওয়ার সুপারিশ করা হয়।
তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, আফসারুল আমিন, গোলাম দস্তগীর গাজী, ইকবালুর রহিম, এ কে এম শাহাজাহান কামাল প্রমুখ উপস্থিত ছিলেন।