ক্রোধের আগুনে পুড়েছে আঁখির পরিবারের স্বপ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেঁদেই চলেছেন আঁখির মা ষ ছবি: প্রথম আলো
কেঁদেই চলেছেন আঁখির মা ষ ছবি: প্রথম আলো

গোপালগঞ্জ সদর উপজেলার আন্ধারকোটা গ্রামের এসএসসি পরীক্ষার্থী আঁখি চৌধুরী এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে।
প্রেম ও বিয়ের প্রস্তাবে সাড়া না দেওয়ায় চর মানিকদাহ গ্রামের উজ্জ্বল রায় (২৪) এক সহযোগীকে নিয়ে আঁখির শরীরে আগুন ধরিয়ে দিয়েছেন বলে অভিযোগ রয়েছে। ঝলসে গেছে আঁখির শরীরের অধিকাংশ।
এলাকার বেশ কয়েকজন জানান, গত বৃহস্পতিবার এসএসসির নির্বাচনী পরীক্ষা দিয়ে বেলা আড়াইটায় বাড়িতে আসে আঁখি। এ সময় পরিবারের লোকজন পাশের গ্রামে একটি অনুষ্ঠানে ছিলেন। বিকেল চারটার দিকে গামছায় মুখ বাঁধা দুই দুর্বৃত্ত বাড়িতে ঢুকে আঁখির হাত-মুখ বেঁধে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়।
আঁখির মা দিপান্বীতা চৌধুরী জানান, আঁখিকে নিয়ে তাঁদের অনেক স্বপ্ন ছিল। আঁখির ভাই এম এইচ খান ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী মিঠুন চৌধুরী জানায়, তাদের কোনো শত্রু নেই। উজ্জ্বল রায় আঁখিকে প্রেমের প্রস্তাব দিলে সে প্রত্যাখ্যান করে। এরপর বিয়ের প্রস্তাব দিলে তা আঁখির পরিবার প্রত্যাখ্যান করে। এর জের ধরেই আঁখিকে উজ্জ্বল ধর্ষণে ব্যর্থ হয়ে গায়ে আগুন ধরিয়ে দিয়েছেন।
আঁখিদের প্রতিবেশী গণপতি চৌধুরী, সুশান্ত চৌধুরী জানান, মেধাবী আঁখি তাদের গর্ব। ২০১৪ সালের এসএসসি পরীক্ষায় সে ভালো ফল করবে, পরিবার ও আমাদের মুখ উজ্জ্বল করবে—এমন প্রত্যাশা ছিল। তাঁরা জানান, উজ্জ্বল আঁখিকে দুই বছর ধরে উত্ত্যক্ত করে আসছিলেন।
প্রতিবেশী তুষার চৌধুরী ও সঞ্জয় চৌধুরী জানান, ঘটনার সময় চিৎকার শুনে তাঁরা এসে দেখতে পান আঁখির শরীরে আগুন জ্বলছে। সে দৌড়াতে দৌড়াতে বাঁচার আকুতি জানাচ্ছিল। তাঁরা তাকে উদ্ধার করে নলকূপের পানি দিয়ে আগুন নেভান।
বৌলতলী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সুমন ভক্ত বলেন, হাসপাতালে আঁখি তাঁকে জানিয়েছে তার শরীরে আগুন ধরিয়ে দেওয়ার সময় গামছায় মুখ বাঁধা উজ্জ্বলকে সে চিনতে পেরেছে। তিনি জানান, পুলিশ এ ঘটনায় সন্দেহভাজন উজ্জ্বল রায় ও তাঁর বন্ধু নিজড়া গ্রামের তপন বিশ্বাসকে আটক করেছে। এখনো এ ঘটনায় মামলা না হওয়ায় ওই দুজনকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।