ক্রয় করা খাবারের সাড়ে ৫ শতাংশ অপচয় হয়

মোট ক্রয় করা খাদ্যের সাড়ে ৫ শতাংশ অপচয় হয়। এর মধ্যে খাদ্য সংগ্রহ ও প্রস্তুত করার সময় ৩ শতাংশ, খাবার প্রস্তুত থেকে পরিবেশনের সময় ১ দশমিক ৪ শতাংশ এবং খাবারের থালা থেকে অপচয় হয় ১ দশমিক ১ শতাংশ।
বরিশালের ছয়টি ইউনিয়ন ও বরিশাল সিটি করপোরেশনের দুটি ওয়ার্ডের ৫৪০টি খানার ওপরে করা এক জরিপে এ তথ্য উঠে এসেছে। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) সিনিয়র রিসার্চ ফেলো নাজনীন আহমেদ ও ইকবাল আহমেদের তত্ত্বাবধানে এ গবেষণাটি হয়েছে। আজ বুধবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে খাদ্য অধিকার বাংলাদেশ ও ক্রিশ্চিয়ান এইড আয়োজিত এক জাতীয় সেমিনারে নাজনীন আহমেদ গবেষণায় পাওয়া ফল তুলে ধরেন।
‘খাদ্যনিরাপত্তার জন্য দায়িত্বশীল খাদ্যাভ্যাস: ব্যক্তি ও রাষ্ট্রের ভূমিকা’ শীর্ষক ওই সেমিনারে নাজনীন আহমেদ বলেন, বাংলাদেশে নানাভাবে খাদ্যের অপচয় হলেও তা এখনো উন্নত দেশগুলোর চেয়ে কম। প্রতিবছর পৃথিবীতে মোট উৎপাদিত খাদ্যের ১২০ কোটি টন খাদ্যই নষ্ট হয়। প্রতিবছর ধনী দেশগুলো যে পরিমাণে খাদ্য নষ্ট করে, তা সাব-সাহারা আফ্রিকার দেশগুলোর মোট খাদ্য উৎপাদনের চেয়ে বেশি।
তবে বাংলাদেশেও খাদ্যের অপচয় বাড়ছে উল্লেখ নাজনীন আহমেদ বলেন, জরিপে অংশগ্রহণকারী প্রায় ৪০ শতাংশ খানা প্রতিদিন তাদের রান্না করা খাবার সম্পূর্ণ শেষ করে। বাকি ৬০ শতাংশ খানায় খাবার উদ্বৃত্ত থেকে যায়। এদের মধ্যে ৭৫ শতাংশ পরিবার অবশিষ্ট খাবার পরের দিন খায়, ১৩ শতাংশ অন্যদের দিয়ে দেয়। ৭ দশমিক ৩ শতাংশ হাঁস-মুরগিকে দেয় ও বাকি ৫ শতাংশ ওই খাবার ফেলে দেয়।
মূল প্রবন্ধের ওপরে মন্তব্য করতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক খুরশীদ জাহান বলেন, বাংলাদেশের মানুষের যা শারীরিক গঠন, তাতে এখানকার মানুষের পুষ্টি হিসেবে প্রাণীজ আমিষ বেশি প্রয়োজন। কিন্তু এখনো দেশের ৮০ শতাংশ পুষ্টির চাহিদা উদ্ভিদজাত খাদ্য থেকে আসে। দেশের শিশুদের একটা বড় অংশ রক্তশূন্যতায় ভুগছে। আবার অনেক শিশু অপরিমিত পুষ্টিকর খাবার খাওয়ার ফলে ডায়াবেটিস, অতিরিক্ত মোটা ও নানা ধরনের রোগে ভুগছে।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার আগে খাদ্যঘাটতি ছিল। ২০১২ সালের পর থেকে খাদ্যঘাটতি পূরণ হয়েছে। এখন আর খাদ্য আমদানি করতে হয় না। সরকার ৫০ লাখ পরিবারকে ১০ টাকা কেজি দরে চাল খাওয়ানোর যে উদ্যোগ নিয়েছে, তার শুরুতে কিছু অনিয়ম হয়েছে। সাংবাদিকেরা এসব অনিয়মের খবর তুলে আনার পর সরকার এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। শেষের দিকে বেশ স্বচ্ছভাবে ওই চাল বিতরণ করা হয়েছে। অনিয়মের ব্যাপারে সরকারদলীয় নেতা-কর্মীদের ছাড় দেওয়া হয়নি।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে খাদ্য অধিকার বাংলাদেশের ভাইস চেয়ারম্যান খোন্দকার ইব্রাহীম খালেদ বলেন, ‘নিরাপদ খাদ্য বিষয়ে সব কাজ সরকার করে দেবে বলে আমরা অনেকে মনে করি। এটা ঠিক নয়, এ ক্ষেত্রে নাগরিক সংগঠন ক্লাবগুলোরও দায়িত্ব পালন করতে হবে।’
নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. মাহফুজুল হক বলেন, চালকলগুলো আধুনিক যন্ত্র স্থাপন করলে ৪০ লাখ টন চালের অপচয় কমবে। এমনকি ১০ লাখ টন ভোজ্যতেলও পাওয়া যাবে। খাদ্য উৎপাদন থেকে শুরু করে ভোক্তা পর্যায়ে পৌঁছানো পর্যন্ত প্রতিটি স্তরে ভেজাল ও অপচয় রোধে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কাজ করছে।
খাদ্য অধিকার বাংলাদেশের সদস্যসচিব মহসিন আলীর সঞ্চালনায় সেমিনারে আরও বক্তব্য দেন খাদ্য অধিকার আন্দোলনের ভাইস চেয়ারম্যান মুহম্মদ হিলালউদ্দীন, ক্রিশ্চিয়ান এইডের প্রকল্প পরিচালক সঞ্জীব বিশ্বাস সঞ্জয়।