ক্রয়কেন্দ্র নেই, বিপাকে রাজবাড়ীর দুগ্ধচাষিরা
রাজবাড়ীতে সরকারিভাবে দুধ কেনার কেন্দ্র বা প্রতিষ্ঠান না থাকায় বিপাকে পড়েছেন দুধ উৎপাদনকারী খামারিরা।জেলা প্রাণিসম্পদ অধিদপ্তর সূত্রে জানা গেছে, রাজবাড়ীর পাঁচটি উপজেলায় মোট গরুর সংখ্যা প্রায় দুই লাখ ৯৮ হাজার। এর মধ্যে ৭৮ হাজার গরু সংকর প্রজাতির এবং দুই লাখ ২০ হাজার দেশি প্রজাতির। এ ছাড়া জেলায় দুগ্ধ খামার রয়েছে দুই হাজার ২৫২টি। জেলার অধিকাংশ মানুষ নিম্ন আয়ের হওয়ায় ও বড় ধরনের মিল-কারখানা না থাকায় অনেকের জীবিকার উৎস গবাদি পশু পালন। এ কারণে প্রতিনিয়ত গবাদি পশু (বিশেষ করে গরু) বেড়েই চলছে। সরেজমিনে দেখা যায়, রাজবাড়ী শহরের পাটবাজারের পাশে আধা পাকা ঘরে দুধবাজার তৈরি করা হয়েছে। দুধ ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, এখানে ক্রেতার সংখ্যা সব সময় একই রকম থাকে না। এ জন্য বিক্রেতারা অনেকেই এখানে দুধ আনতে অনীহা প্রকাশ করেন। এতে অনেক সময়ই ক্রেতা-বিক্রেতাকে বিপাকে পড়তে হয়। কোনো কোনো দিন পানির দামে দুধ বিক্রি করতে হয়। এ জন্য অনেকেই বাড়ি বাড়ি গিয়ে দুধ বিক্রি করেন। রাজবাড়ী জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা হরিপদ বিশ্বাস জানান, দুধ বিক্রির ওপর অনেকের জীবিকা নির্ভর করে। কিন্তু সরকারি ক্রয়কেন্দ্রের অভাবে সমস্যা হয়। বিষয়টি মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীকে অবহিত করা হয়েছে। তিনি ক্রয়কেন্দ্র স্থাপনের আশ্বাস দিয়েছেন।