ক্লান্ত পুলিশ মার খাচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে এক বছর ধরে পুলিশের বড় কোনো তল্লাশি অভিযান নেই। শুধু হরতাল ‘ডিউটি’ করে ক্লান্ত পুলিশ এখন আত্মরক্ষার চেষ্টা করছে। কোথায়, কারা ককটেল-বোমা বানাচ্ছে এসব ব্যাপারেও পুলিশের কোনো নজরদারি নেই। এ জন্য দফায় দফায় মার খেলেও হামলার আগে প্রতিরোধ ও পরে দুর্বৃত্তদের গ্রেপ্তার করতে পারছে না পুলিশ।
পুলিশ বলছে, টানা অবরোধ-হরতালের নাশকতা থেকে রেললাইন রক্ষা, জ্বালানি তেল পাওয়ার প্ল্যান্টে নিরাপদে পৌঁছে দেওয়া, রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ স্থাপনা ও নির্বাচন কার্যালয় পাহারা দেওয়াসহ অনেক স্থানেই নিরাপত্তার দায়িত্ব পালন করতে হচ্ছে। এর বাইরে প্রতিদিন ভোর রাত সাড়ে দশটা পর্যন্ত পর্যায়ক্রমে ‘ডিউটি’ করতে হচ্ছে। নির্ধারিত কাজ করেই পুলিশ ক্লান্ত হয়ে পড়ছে।
স্থানীয়রা জানান, সবশেষ গত বৃহস্পতিবার দুপুরে পুলিশের গাড়িতে বোমা হামলায় সিদ্ধার্থ চন্দ্র সরকার নামে পুলিশের এক সদস্য (কনস্টেবল) মারা যান। এতে আরও আট পুলিশ সদস্য আহত হয়েছেন। ওই দিন রাতে পুলিশ নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আটজনকে আটক করে। এ ছাড়া নগরের কয়েকটি নির্দিষ্ট এলাকা থেকে নিয়মিত পুলিশের ওপর হামলার ঘটনা ঘটছে। হামলা করে তারা কোথায় গা ঢাকা দিচ্ছে সে ব্যাপারে আগ্রহ নেই পুলিশের।
পুলিশ সূত্র আরও জানায়, ২০১২ সালের নভেম্বরে নগরের সাহেব বাজার এলাকায় অস্ত্র কেড়ে নিয়ে পুলিশের ওপর হামলার পর থেকে পুলিশ আত্মরক্ষামূলক কৌশল নিয়েছে।
পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, এক বছরে রাজশাহী নগরে পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের ছোট-বড় শতাধিক সংঘর্ষের ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার নগরের বিনোদপুরে বন্দুক কেড়ে নিয়ে শিবিরের কর্মীরা মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) পিটিয়ে পা ভেঙে দেন।
রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের ওসি আলমগীর হোসেন বলেন, শিবিরের বহিরাগত কর্মীরাই মূলত এসব হামলায় নেতৃত্ব দেন।
সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান বলেন, অভিযানের আগেই সোর্সের মাধ্যমে দুর্বৃত্তেরা খবর জেনে যাচ্ছে। মহানগর পুলিশের উপকমিশনার শাহ্ গোলাম মাহমুদ বলেন, তল্লাশি অভিযান হয় না তা নয়। লোকবল সংকটের কারণে বড় অভিযান হচ্ছে না।