ক্লাব ও স্কুলের নাম ভাঙিয়ে টিআরের টাকা আত্মসাৎ!
যশোরের মনিরামপুর উপজেলার রামনাথপুর গ্রামে ‘শহীদ রাসেল স্মৃতি সংঘ’ নামে কোনো ক্লাব বা প্রতিষ্ঠান আছে কি না, তা ওই গ্রামের কেউ বলতে পারেন না; এমনকি ইউপি চেয়ারম্যানও জানেন না সংঘের অস্তিত্ব সম্পর্কে। অথচ আওয়ামী লীগের কর্মী গোলাম মোস্তফা ‘স্মৃতি সংঘ’ সংস্কারের নামে প্রকল্পের সভাপতি হয়ে সরকারের বরাদ্দ করা ৩০ হাজার টাকা তুলে আত্মসাৎ করেছেন বলে অভিযোগ উঠেছে।শুধু গোলাম মোস্তফাই নন, বালিয়াডাঙ্গা-মাঝেরপাড়া ‘শহীদ রাসেল স্মৃতি সংঘের’ নামেও উলামা লীগ উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক মো. মফিজুর রহমানের ছেলে আজিজুর রহমানের বিরুদ্ধে ৫০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া কাশিমনগর ইউপির সাবেক চেয়ারম্যান তৌহিদুর রহমানের বিরুদ্ধে ‘হুমাতলা রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়’ সংস্কারকাজের জন্য বরাদ্দ ৫০ হাজার টাকা আত্মসাৎ, গোপীকান্তপুর মাধ্যমিক বিদ্যালয় সংস্কারকাজের ৯০ হাজার টাকা ওই স্কুলের ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবদুল আজিজ আত্মসাৎ এবং ‘মাছনা কর্মকারপাড়া কালীমন্দির’ সংস্কারের নামে আওয়ামী লীগের স্থানীয় নেতা তপন কুমার পালিতের বিরুদ্ধে পাঁচ মেট্রিক টন গম আত্মসাতের অভিযোগ উঠেছে।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ইতিমধ্যে সরেজমিনে তদন্ত করে অভিযোগের সত্যতা পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে প্রতিবেদন পেশ করেছেন; তবে আত্মসাতের ব্যাপারে জানতে চাইলে প্রকল্পসংশ্লিষ্ট সভাপতিরা তা অস্বীকার করেছেন।সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০১০-২০১১ অর্থবছরে বিভিন্ন প্রতিষ্ঠান সংস্কার ও পুনর্নির্মাণের জন্য সরকার বিশেষ টিআর (টেস্ট রিলিফ) প্রকল্পের আওতাধীন মনিরামপুর উপজেলায় বিভিন্ন প্রকল্প গ্রহণ করে। এসব প্রকল্পের বিপরীতে ওই পরিমাণ টাকা ও খাদ্যশস্য গত জুনে বরাদ্দ দেওয়া হয়।তদন্ত প্রতিবেদন সূত্র ও সরেজমিনে দেখা গেছে, রামনাথপুর ও বালিয়াডাঙ্গা-মাঝেরপাড়া গ্রামে ‘শহীদ রাসেল স্মৃতি সংঘ’ নামে কোনো ক্লাব বা প্রতিষ্ঠান নেই। গ্রামের জাহিদুল ইসলাম বলেন, ‘এ গ্রামে এই নামে কোনো ক্লাব নেই। শুনেছি, ভুয়া কাগজপত্র বানিয়ে ক্লাবের নামে ৫০ হাজার টাকা বরাদ্দ নিয়ে প্রকল্পের সভাপতি তা হজম করে ফেলেছেন।’ প্রকল্পের সভাপতি আজিজুর রহমান বলেন, ‘সাইনবোর্ড ছিল না বলে অনেকের ধারণা, এ গ্রামে কোনো ক্লাব নেই। এখন নতুন সাইনবোর্ড লাগিয়েছি। আশা করি, এখন আর ক্লাব নিয়ে কারও সন্দেহ নেই।’একইভাবে রামনাথপুরেও ‘শহীদ রাসেল স্মৃতি সংঘ’ নামে কোনো ক্লাবের অস্তিত্ব পাওয়া যায়নি। চালুয়াহাটি ইউপির চেয়ারম্যান বজলুর রহমান বলেন, ‘এ গ্রাম তো দূরের কথা, গোটা ইউনিয়নে এ নামের কোনো ক্লাব নেই।’ প্রকল্পের সভাপতি গোলাম মোস্তফা কোনো সদুত্তর দিতে পারেননি। উল্টো প্রশ্ন করেছেন, ‘সব বিষয়ে আপনারা (সাংবাদিক) মাথা ঘামান কেন?’১৯ আগস্ট বেলা ১১টার দিকে হুমাতলা বেসরকারি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে, বিদ্যালয় ভবনের বাইরের প্রাচীরে নামকাওয়াস্তে রং করা হয়েছে। বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি রফিকুল ইসলাম বলেন, সব মিলিয়ে হাজার পাঁচেক টাকার রং প্রাচীরে লাগিয়ে বাকি টাকা প্রকল্পের সভাপতি আত্মসাৎ করেছেন। প্রকল্পের সভাপতি তৌহিদুর রহমান বলেন, ৩০ আগস্টের মধ্যে বরাদ্দের পুরো টাকা বিদ্যালয় ভবন সংস্কারের কাজে ব্যয় করা হবে।একই অভিযোগ গোপীকান্তপুর মাধ্যমিক বিদ্যালয় প্রকল্পের সভাপতি ও ওই বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবদুল আজিজের বিরুদ্ধেও। বিদ্যালয়টির প্রধান শিক্ষক মো. জালাল উদ্দীন বলেন, ‘শুনেছি, ৯০ হাজার টাকা বরাদ্দ হয়েছে, অথচ প্রকল্পের সভাপতি মাত্র ৪৫ হাজার টাকা ব্যয় করেছেন।’ এ ব্যাপারে আ. আজিজ বলেন, ‘প্রতিষ্ঠানের প্রতি আমার অনেক দরদ। আমি সব কাজ যথাসময়ে সম্পন্ন করেছি। কাজের ভাউচার পিআইও অফিসে জমা দিতে দেরি হয়েছে বলে এই অভিযোগ আসছে।’মাছনা কালীমন্দির সংস্কারের নামে টিআর প্রকল্পের পাঁচ মেট্রিক টন গম প্রকল্পের সভাপতি ও মন্দির কমিটির সভাপতি তপন কুমার পালিত আত্মসাৎ করেছেন বলে অভিযোগ উঠেছে। ওই মন্দিরের সাধারণ সম্পাদক অরুণ কুমার পালিত বলেন, ‘পাঁচ মেট্রিক টন গম বরাদ্দের কথা শুনেছি, কিন্তু এ পর্যন্ত মন্দিরের কোনো কাজ করা হয়নি।’ তবে মন্দির কমিটির সভাপতি তপন কুমার পালিত বলেন, ‘গত কয়েক দিন টানা বৃষ্টির কারণে কাজ করতে পারিনি। এ মাসের মধ্যে মন্দিরের কাজ সম্পন্ন হবে।’উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইয়ারুল হক বলেন, ‘এসব প্রকল্প আমি ইতিমধ্যে তদন্ত করে অভিযোগের সত্যতা পেয়েছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য ইউএনওর কাছে প্রতিবেদন দিয়েছি।’ইউএনও জিল্লুর রহমান বলেন, ‘প্রকল্পের কাজ না হওয়ায় গত বছরও আমরা প্রায় লাখ দেড়েক টাকা সরকারি কোষাগারে ফেরত দিয়েছি। এবারও যদি কেউ ৩০ আগস্টের মধ্যে কাজ সম্পন্ন না করে, তাহলে টাকা ফেরত নিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’