
ধানমন্ডি মাঠ রক্ষা আন্দোলন-কারীদের বিরুদ্ধে শেখ জামাল ধানমন্ডি ক্লাব কর্তৃপক্ষের করা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়েছে।
গতকাল সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক নাগরিক সমাবেশে এই দাবি করা হয়। এর পাশাপাশি এই মাঠে স্থাপনা নির্মাণ বন্ধ ও সব মানুষের প্রবেশের দাবি পুনর্ব্যক্ত করেন আন্দোলন-কারীরা। সমাবেশের আয়োজন করে ৫০টি সংগঠনের সমন্বয়ে গঠিত ধানমন্ডি মাঠ রক্ষা আন্দোলন।
ধানমন্ডি মাঠে স্থাপনা নির্মাণ বন্ধ ও সবার প্রবেশের অধিকার দাবিতে গত শুক্রবার আন্দোলনকারীরা মাঠে ঢুকে পড়েন। পরে ধানমন্ডি ক্লাব কর্তৃপক্ষ চারজনের নামসহ অজ্ঞাত ২০০ জনকে আসামি করে ‘অবৈধ প্রবেশের’ অভিযোগে মামলা করে।
গতকাল সমাবেশে বক্তারা বলেন, ধানমন্ডি মাঠ অবরুদ্ধ করে মাঠের ফটকে পাহারাদার বসিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। আদালত এই মাঠ সবার জন্য উন্মুক্ত রাখার জন্য রাজউক ও সিটি করপোরেশনকে নির্দেশ দিয়েছেন। অথচ সরকারি প্রশাসন নির্বিকার। তাদের নীরবতা দখলদারদের সমর্থন দিচ্ছে।
বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সাধারণ সম্পাদক আবদুল মতিন বলেন, ব্যবসায়িক কারণে ধানমন্ডি মাঠ দখল হয়েছে। সেখানে বঙ্গবন্ধুর পরিবারের সদস্যের নাম (শেখ জামাল) ব্যবহার করা হয়েছে। ক্লাব কর্তৃপক্ষ দাবি করছে, তারা বঙ্গবন্ধু ট্রাস্ট থেকে এই নাম ব্যবহারের অনুমতি নিয়েছে। তবে ট্রাস্টের আইনে কোনো ব্যবসায়িক উদ্দেশ্যে বঙ্গবন্ধু পরিবারের কারও নাম ব্যবহারের অনুমতি নেই।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) নেতা রুহিন হোসেন প্রিন্সের সভাপতিত্বে সমাবেশের অন্যদের মধ্যে বক্তব্য দেন গ্রিন ভয়েসের প্রধান সমন্বয়কারী আলমগীর কবির, বাপার যুগ্ম সম্পাদক জাকির হোসেন, আদি ঢাকাবাসী ফোরামের সদস্যসচিব জাভেদ জাহান।