ক্লাবঘর অপসারণ করা নিয়ে প্রশাসন-আনসার মুখোমুখি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানিকগঞ্জ জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পুরোনো ক্লাবঘরের সামনে আনসার ব্যাটালিয়নের সদস্যরা l প্রথম আলো
মানিকগঞ্জ জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পুরোনো ক্লাবঘরের সামনে আনসার ব্যাটালিয়নের সদস্যরা l প্রথম আলো

মানিকগঞ্জ শহরের আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিত্যক্ত ক্লাবঘর অপসারণ নিয়ে জেলা প্রশাসন ও আনসারের মতবিরোধ দেখা দিয়েছে। গতকাল সোমবার ঘরটি অপসারণ করার চেষ্টা করা হলেও আনসার সদস্যদের বাধার কারণে তা হয়নি।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শহরের দক্ষিণ সেওতা মৌজায় জেলা প্রশাসকের বাসভবন-সংলগ্ন ১ নম্বর খাস খতিয়ানভুক্ত জমিতে আনসারের টিনের তৈরি ক্লাবঘরটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় আছে। মানিকগঞ্জ মহকুমা থাকাকালে সেখানে আনসার বাহিনীর অ্যাডজুট্যান্টের কার্যালয় ছিল। দুই যুগেরও বেশি সময় আগে পৌর এলাকার নারাঙ্গাই এলাকায় আনসারের জেলা কমান্ড্যান্টের কার্যালয় স্থানান্তর করা হয়।
জেলা প্রশাসনের চিঠির পরিপ্রেক্ষিতে গত ২২ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় জরাজীর্ণ ওই ক্লাবঘরটি অপসারণের জন্য জেলা প্রশাসনকে নির্দেশ দেয়। এরপর আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের সঙ্গে জেলা প্রশাসকের আলোচনায় সমঝোতা হয়। এরপর ক্লাবঘরটি অপসারণ ও শহরের পশ্চিম দাশড়া মৌজায় ১০ শতক খাসজমি আনসার বাহিনীর জন্য স্থায়ীভাবে বন্দোবস্ত দেওয়ার সিদ্ধান্ত হয়। গতকাল সকালে জেলা প্রশাসন ক্লাবঘরটি অপসারণের উদ্যোগ নেয়।

সরেজমিনে দেখা যায়, পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীরা ক্লাবঘরটির টিনেরবেড়া খুলছেন। সকাল সাড়ে ১০টায় আনসার বাহিনীর জেলা কমান্ড্যান্ট এতে বাধা দেন। পরে বাহিনীর অতিরিক্ত সদস্যরা ক্লাবঘরে অবস্থান নেন। এরপর জেলা প্রশাসক তাঁর বাসভবনে কমান্ড্যান্ট ও পৌর মেয়র গাজী কামরুল হুদার সঙ্গে বৈঠক করেন। বৈঠকে জরাজীর্ণ ক্লাবঘরটি অপসারণের সিদ্ধান্ত হয়। দুপুরে পুনরায় ঘরটি অপসারণের উদ্যোগ নেওয়া হয়। অপসারণকাজের একপর্যায়ে বিকেল চারটায় আনসার বাহিনীর সদস্যরা এতে বাধা দেন। এরপর কার্যক্রম স্থগিত রাখা হয়।

পৌর মেয়র বলেন, প্রায় ছয় মাস আগে পৌর এলাকার মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা থেকে বেউথা পর্যন্ত চার লেন সড়কের কাজ শুরু হয়েছে। সম্প্রতি বাসস্ট্যান্ড থেকে জেলা শহরের খালপাড় এলাকা পর্যন্ত চার লেনের কাজ শেষ হয়েছে। আনসার বাহিনীর পুরোনো ক্লাবঘর ও জেলা প্রশাসকের বাসভবনের সীমানাপ্রাচীরসহ কয়েকটি ভবন অপসারণ করা জরুরি।

এ বিষয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্টের সঙ্গে যোগাযোগ করলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে বাহিনীর জেলা সার্জেন্ট অ্যাডজুট্যান্ট কামরুল ইসলাম বলেন, ক্লাবঘরটি স্থানান্তরের জন্য জমি বুঝে পেলে তা অপসারণ করা হবে।

জেলা প্রশাসক রাশিদা ফেরদৌস গতকাল সন্ধ্যায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ক্লাবঘরটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত ও জরাজীর্ণ অবস্থায় আছে। শহরের চার লেন সড়কের নির্মাণকাজ সম্পন্ন করতে এবং শহরের সৌন্দর্য বাড়াতে ঘরটি অপসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। এর জন্য ১০ শতক জমিও বরাদ্দ দেওয়া হয়েছে। তবু তা না মেনে অপসারণে বাধা দিয়েছে আনসার।