ক্লাবের দখলে ধানমন্ডি মাঠ
ধানমন্ডি আট নম্বর রোডে সবুজ ঘাসে ভরা সুন্দর একটি মাঠ। কিন্তু সেখানে শিশু-কিশোরেরা খেলতে পারে না। ইচ্ছা করলেই হাঁটতে যেতে পারেন না স্বাস্থ্যসচেতন বা বয়োজ্যেষ্ঠরা। কারণ, মাঠটির দখল নিয়েছে লে. শেখ জামাল ধানমন্ডি ক্লাব লিমিটেড। সরেজমিনে দেখা গেছে, মাঠের চারপাশে উঁচু দেয়াল। ফটকে তালা। এই প্রতিবেদককে মাঠে প্রবেশ করতে বাধা দেন দারোয়ান।
জানতে চাইলে নিরাপত্তাকর্মী মো. কামাল বলেন, এক বছর ধরে মাঠে কাজ চলছে। এখানে খেলা বা সর্বসাধারণের প্রবেশ নিষেধ। তবে ক্লাবের খেলোয়াড়েরা শুধু খেলতে পারেন। এলাকাবাসীর কাছ থেকে জানা যায়, এর আগে ওই মাঠে ছিল বিভিন্ন ধরনের অবৈধ স্থাপনা। হাইকোর্টের নির্দেশে সেগুলো উচ্ছেদ করা হলেও এখন সেখানে কেউ যেতে পারে না।
এই মাঠ নিয়ে হাইকোর্টের স্পষ্ট নির্দেশনা রয়েছে। বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সভাপতি আবদুল মতিন বলেন, ২০০৪ সালে হাইকোর্ট মাঠ রক্ষায় ডিসিসিকে সুনির্দিষ্ট নির্দেশনা দেন। ২০১১ সালের ১৫ মার্চ চূড়ান্ত আদেশ দেন। তাতে ডিসিসি ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ধানমন্ডির ওই খেলার মাঠ থেকে সব ধরনের অবৈধ স্থাপনা ১৫ দিনের মধ্যে অপসারণ ও সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখতে বলা হয়।
এসব বিষয়ে শেখ জামাল ক্লাবের সভাপতি মো. মঞ্জুরুল কাদেরের দাবি, হাইকোর্টের কোনো নির্দেশ অমান্য করা হচ্ছে না। এখানে ধানমন্ডির ছেলেরা নিয়মিত খেলতে আসে। ক্লাবের পৃষ্ঠপোষক কারা জানতে চাইলে তিনি কোনো উত্তর দেননি।
কিন্তু গত এক মাসের অনুসন্ধানে ওই মাঠের গেটে দিনভর তালা এবং বিকেলে ক্লাবের সদস্যদের নিয়মিত প্রবেশ করতে দেখা গেছে। ক্লাবের সদস্যদের খেলার সময় ঘেরা দেয়ালের বাইরে থেকে তৃষিত দৃষ্টিতে তাকিয়ে দেখে এলাকার শিশু-কিশোরেরা।
মাঠের গেটে দক্ষিণ ডিসিসির নোটিশে ‘লে. শেখ জামাল ধানমন্ডি ক্লাব লি. সংলগ্ন মাঠের উন্নয়ন কাজ চলিতেছে। উক্ত উন্নয়ন কাজ সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে, উন্নয়নকাজ শেষ না হওয়া পর্যন্ত সকল প্রকার খেলাধুলা, যানবাহন ও জনসাধারণের মাঠের ভেতর প্রবেশ না করার অনুরোধ করা হল’—লেখা রয়েছে।
কিন্তু এ সম্পর্কে দক্ষিণ ডিসিসির কেউ কোনো কিছু জানেন না বলে দাবি করেন। জানতে চাইলে প্রধান নগর পরিকল্পনাবিদ সিরাজুল ইসলাম একপ্রকার বিরক্তি প্রকাশ করেই বলেন, ‘এখানে নিশ্চয়ই আমার অনুমতি নিয়ে উন্নয়নকাজ চলছে না। এ বিষয়ে আমার জানারও কথা নয়।’ তিনি এ বিষয়ে করপোরেশনের প্রধান প্রকৌশলী জানেন বলে মন্তব্য করেন। প্রধান প্রকৌশলী জাহাঙ্গীর আলমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রথম আলোকে বলেন, ‘এটা আমার বিষয় নয়।’
বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের সভাপতি ও ধানমন্ডি পরিবেশ উন্নয়ন জোটের কেন্দ্রীয় নেতা মোবাশ্বের হোসেন ওই মাঠ প্রসঙ্গে বলেন, ধানমন্ডির ছেলেরা খেলার সুযোগ তো দূরের কথা ভেতরে প্রবেশ করতে পারে না। তিনি অভিযোগ করে বলেন, উন্নয়নের নামে মাঠ দখল এবং রাজনীতির দোহাই দিয়ে বাণিজ্যিকীকরণ চলছে।