ক্লাস ও পরীক্ষা চলে মাঠে মাটিতে বসে
বরগুনার আমতলী উপজেলার তালতলী থানার আমখোলা রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের ভবনটি এক বছর আগে পরিত্যক্ত ঘোষণার পর বিকল্পব্যবস্থা না থাকায় শিক্ষার্থীদের ক্লাস ও পরীক্ষা চলে মাঠে মাটিতে বসে।উপজেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, উপজেলার আমখোলা রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়টি ১৯৯৫ সালে নির্মিত হয়। শিক্ষা খাতের আওতায় তিন কক্ষবিশিষ্টি ভবনটি আমতলী উপজেলা এলজিইডি নির্মাণ করে। নির্মাণের পর ভবনটি আর সংস্কার না করায় ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এ কারণে ২০১১ সালের জুলাই মাসে উপজেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ভবনটিকে পরিত্যক্ত ঘোষণা করে এবং ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান না করার জন্য বিদ্যালয় কর্তৃপক্ষকে পরামর্শ দেয়।গত শনিবার সরেজমিনে দেখা গেছে, বিদ্যালয় মাঠে শিশু শিক্ষার্থীরা হোগলা ও মাদুর বিছিয়ে গোল হয়ে বসে প্রথম সাময়িক পরীক্ষা দিচ্ছে। এদিকে বিদ্যালয় ভবনের দেয়ালের অনেক জায়গায় পলেস্তারা খসে পড়েছে। অনুরূপ ছাদের পলেস্তারা খসে পড়ে বিভিন্ন স্থানের রড বেরিয়ে আছে। বেশ কয়েকটি স্থানে ফাটল ধরেছে। ছাদের ফাটল দিয়ে বৃষ্টির পানি চুইয়ে পড়ছে। ভবনটি খুবই ঝুঁকিপূর্ণ হওয়ায় সেখানে কেউ ঢুকছে না। এ সময় শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ভবনটি পরিত্যক্ত ঘোষণার পর বিকল্প কোনো ব্যবস্থা না থাকায় শিশুদের মাঠে ক্লাস ও পরীক্ষা নিতে হচ্ছে। এখন প্রথম সাময়িক পরীক্ষা চলে। শিশু, প্রথম ও দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীরা হোগলা বিছিয়ে মাঠে বসে পরীক্ষা দিচ্ছে। বৃষ্টি নামলেই শিক্ষার্থীদের ছুটি দিয়ে দিতে হয়। কয়েকজন শিক্ষার্থী জানায়, বৃষ্টি এলে লেখাপড়া ও পরীক্ষা ফেলে আমাদের দৌড়ে গাছতলায় কিংবা কারও বাড়ি গিয়ে আশ্রয় নিতে হয়।প্রধান শিক্ষক মো. মোশারফ হোসেন বলেন, ‘শিক্ষার্থীদের পাঠদানের বিকল্প কোনো জায়গা না থাকায় বাধ্য হয়ে শিক্ষকেরা মাঠে পাঠদান করছেন। বর্ষাকালের অধিকাংশ সময়েই শিক্ষার্থীদের পাঠদান করা যাচ্ছে না। আড়াই শ ছাত্রছাত্রীর জন্য বিদ্যালয়ে ৮-১০ জোড়া বেঞ্চ রয়েছে। এতে তাদের বসার সংকুলান হয় না। ফলে শিক্ষার্থীদের বিদ্যালয়ের মাঠে মাটিতে বসেই ক্লাস করতে হয়।’ ভবনসহ অন্যান্য সমস্যা সমাধানের জন্য বারবার শিক্ষা বিভাগে ধরনা দিয়েও কোনো সুফল পাচ্ছেন না বলে তিনি অভিযোগ করেন। আমতলী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জেসমিন আখতার বলেন, ‘বিদ্যালয় ভবন নির্মাণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাবনা পাঠানো হয়েছে। বরাদ্দ এলে কাজ শুরু করা হবে।’