কুষ্টিয়ায় অবস্থিত ইসলামী বিশ্ববিদ্যালয়ে ক্লাস ও পরীক্ষা চালু, উপাচার্য, সহ-উপাচার্যের পদত্যাগ ও কর্মকর্তা-কর্মচারীদের নিয়োগ বাতিলের দাবিতে ছাত্রদল বিশ্ববিদ্যালয় শাখার নেতা-কর্মীরা গতকাল শনিবার ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গতকাল সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে ছাত্রদলের নেতা-কর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি প্রধান ফটকের সামনের চত্বর ঘুরে এসে একই স্থানে সমাবেশে মিলিত হয়। সমাবেশ পরিচালনা করেন ছাত্রদল বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম। এতে ছাত্রদল বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ওমর ফারুক, দপ্তর সম্পাদক শাহেদ আহমেদসহ অন্য নেতা-কর্মীরা বক্তৃতা করেন। বক্তারা বলেন, ‘অতিদ্রুত বিশ্ববিদ্যালয়ে ক্লাস ও পরীক্ষা চালু করতে হবে, অন্যথায় সাধারণ শিক্ষার্থীদের নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।’ এ সময় তাঁরা বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা-কর্মচারী নিয়োগকে অবৈধ আখ্যায়িত করে উপাচার্য ও সহ-উপাচার্যের পদত্যাগ দাবি করেন। উল্লেখ্য, ৮ সেপ্টেম্বর কর্মকর্তা-কর্মচারী পদে লোক নিয়োগকে কেন্দ্র করে ৩৫ দিন ধরে বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষাসহ সব ধরনের একাডেমিক কার্যক্রম বন্ধ রয়েছে।