ক্লাস ও পরীক্ষা চালুর দাবিতে প্রশাসনিক ভবনে তালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্লাস ও পরীক্ষা চালুসহ পাঁচ দফা দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গতকাল বৃহস্পতিবার প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দিয়েছেন এবং উপাচার্যকে তাঁর কক্ষে আট ঘণ্টা অবরোধ করে রেখেছেন। চাকরি স্থায়ীকরণ ও পদোন্নতির দাবি জানিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি নয় দিন ধরে ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখায় শিক্ষার্থীরা এ আন্দোলন শুরু করেন।শিক্ষার্থীরা অভিযোগ করেন, শিক্ষকেরা গত দুই মাসে দুই দফা আন্দোলন করায় ক্লাস ও পরীক্ষা বন্ধ ছিল। নির্ধারিত সময়ে তাঁদের চূড়ান্ত সেমিস্টার পরীক্ষা হচ্ছে না। এতে সেশনজট বাড়ছে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল সকাল ১০টায় শতাধিক শিক্ষার্থী বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। তখন উত্তেজিত শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন। একপর্যায়ে তাঁরা ভবনের দ্বিতীয় তলায় গিয়ে উপাচার্যের দরজার সামনের ফটকে তালা ঝুলিয়ে দেন। দুপুর ১২টায় তাঁরা একটি স্মারকলিপি রেজিস্ট্রারের মাধ্যমে উপাচার্যের কাছে পৌঁছান। এতে তাঁরা ক্লাস ও পরীক্ষা চালু, সাপ্তাহিক ছুটির দিনে ক্লাস ও পরীক্ষা অব্যাহত রাখা, আসন্ন গ্রীষ্মকালীন ছুটি বাতিল, সর্বোচ্চ পাঁচ মাসের মধ্যে সেমিস্টার শেষ করা ও একাডেমিক ক্যালেন্ডার চালুর দাবির কথা উল্লেখ করেন। বিকেল সাড়ে চারটায় উপাচার্য আমির হোসেন খানের সঙ্গে প্রক্টরিয়াল বডি ও আন্দোলনরত শিক্ষার্থীদের বৈঠক হয়। বৈঠকে উপাচার্য শিক্ষার্থীদের আগামী রোববার পর্যন্ত কর্মসূচি স্থগিত রাখার আহ্বান জানান। একই সঙ্গে শিক্ষার্থী ও শিক্ষকদের সব দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন। পরে শিক্ষার্থীরা বিকেল পাঁচটা ৫০ মিনিটে প্রশাসনিক ভবন ও উপাচার্যের কক্ষের দরজার তালা খুলে দেন।শিক্ষক সমিতির সভাপতি মুহম্মদ আহসান উল্যাহ জানান, আগামী রোববার বেলা ১১টায় শিক্ষক সমিতির কার্যকরী কমিটির সভা ডাকা হয়েছে। ওই সভায় ক্লাস ও পরীক্ষা নেওয়ার বিষয়ে আলোচনা হবে। লোকপ্রশাসন বিভাগের স্নাতকোত্তর শ্রেণীর শিক্ষার্থী মাহমুদুর রহমান বলেন, ‘রোববার ক্লাস ও পরীক্ষা শুরুর ঘোষণা না দিলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।’আমির হোসেন খান বলেন, ‘রোববার সব পক্ষের সঙ্গে বসে সমস্যার সমাধান করা হবে। ইতিমধ্যে শিক্ষকদের দাবি বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। আশা করি, শিক্ষক সমিতি তাদের কর্মসূচি প্রত্যাহার করে ক্লাস ও পরীক্ষার কাজ শুরু করবে।’ গত ২৪ থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত একবার এবং ২৭ মার্চ থেকে পুনরায় বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি পদোন্নতি, চাকরি স্থায়ীকরণ, খণ্ডকালীন শিক্ষকদের সম্মানি বাড়ানোসহ পাঁচ দফা দাবিতে আন্দোলন করে আসছে।