ক্লাস ও পরীক্ষা বর্জন চলছে, পাল্টা দাবিতে সক্রিয় ছাত্র সমিতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সায়াদ হত্যা
কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সায়াদ হত্যা

ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সায়াদ ইবনে মোমতাজ হত্যাকাণ্ডে জড়িত সবার বিচার ও শিক্ষার্থীদের নিরাপত্তার দাবিতে গতকাল রোববারও ক্লাস-পরীক্ষা বর্জন অব্যাহত রেখেছেন আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীরা।
এদিকে অনুষদীয় ছাত্র সমিতির নেতারা গতকাল উপাচার্য মো. রফিকুল হকের সঙ্গে দেখা করে আন্দোলনকারী শিক্ষার্থীদের পাল্টাপাল্টি কিছু দাবি পেশ করেছেন। এসবের মধ্যে ক্লাস ও পরীক্ষা শুরুর দাবি ছিল উল্লেখযোগ্য।
দুই দিন সাপ্তাহিক ছুটির পর পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আন্দোলনকারীরা ক্লাস-পরীক্ষা বর্জন করে গতকাল সকাল সাড়ে নয়টায় প্রশাসন ভবনের সামনে অবস্থান ধর্মঘট পালন করেন। ১০টার দিকে তাঁরা একটি বিক্ষোভ মিছিল বের করেন।
ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচির মধ্যেই কয়েকটি অনুষদে শিক্ষকেরা ক্লাস নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তাঁরা। এ সময় ওই সব অনুষদে গিয়ে তাঁরা শিক্ষকদের প্রতি ক্লাস বন্ধ রাখার অনুরোধ জানান। তাঁরা আজ সোমবার আবারও অবস্থান ধর্মঘট পালনের ঘোষণা দেন।
সায়াদ হত্যাকাণ্ডের পর গত ২৬ দিনে বিশ্ববিদ্যালয়ে মাত্র তিন দিন ক্লাস হয়েছে।
অনুষদীয় ছাত্র সমিতির দাবি: অনুষদীয় ছাত্র সমিতির নেতারা দুপুরে উপাচার্যের সঙ্গে দেখা করে পাঁচ দফা দাবি তুলে ধরেছেন।
এগুলো হলো: কাল মঙ্গলবার থেকে ‘ক্লাস টেস্ট’ পরীক্ষা শুরু করা, সব শিক্ষকের ক্লাস নেওয়া বাধ্যতামূলক করা, শিক্ষকদের লাঞ্ছনাকারীদের শাস্তির ব্যবস্থা করা, চলমান আন্দোলনের পেছনে উসকানিদাতা শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং ক্যাম্পাসে ক্লাস-পরীক্ষা চলাকালে মিছিল-সমাবেশ নিষিদ্ধ করা।
এ ব্যাপারে কৃষি অনুষদ ছাত্র সমিতির সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ জানান, বিকেল পাঁচটার মধ্যে (রোববার) দাবিগুলো মেনে নিতে আলটিমেটাম দেওয়া হয়েছে।
এসব বিষয়ে উপাচার্য প্রথম আলোকে বলেন, শিক্ষকেরা আন্দোলনকারীদের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছিলেন। অথচ শিক্ষকেরা ক্লাসে যেতে চাইলেও শিক্ষার্থীরা এখন যাচ্ছেন না। গতকাল সন্ধ্যায় ডিন কাউন্সিলের সঙ্গে বৈঠক করে ক্লাস-পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি।