ক্লাস ও পরীক্ষা শুরু হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষকদের আন্দোলন স্থগিত হওয়ার পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও শিক্ষা কার্যক্রম সচল হয়েছে। গতকাল রোববার সব বিভাগে ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এবং প্রশাসনিক ভবনে কার্যক্রম স্বাভাবিক ছিল।
টানা ৮৪ ঘণ্টা ধর্মঘটের পর গতকাল ক্লাসে ফিরে যান আন্দোলনকারী শিক্ষকেরা। বিভিন্ন অনুষদ ঘুরে দেখা যায়, শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতি স্বাভাবিক অবস্থায় রয়েছে।
বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য আফসার আহমদ জানান, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম চালু হয়েছে। প্রশাসনিক ভবনে গিয়ে দেখা যায়, কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি স্বাভাবিক হয়ে এসেছে। উপাচার্যও অফিস করেছেন।
উপাচার্যের পদত্যাগের দাবিতে প্রথমে শিক্ষক সমিতি এবং পরে সাধারণ শিক্ষক ফোরামের ব্যানারে চার মাসের বেশি সময় ধরে আন্দোলন চলেছে বিশ্ববিদ্যালয়ে। গত শনিবার শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সঙ্গে আন্দোলনকারী শিক্ষকদের আলোচনা হয়। এরপর শিক্ষামন্ত্রীর আশ্বাসের ভিত্তিতে গতকাল থেকে ১৫ দিনের জন্য আন্দোলন স্থগিত করেন আন্দোলনকারী শিক্ষকেরা।