ক্লাস-পরীক্ষার দাবিতে খুলনা-কুষ্টিয়া মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। ক্লাস-পরীক্ষা দ্রুত চালু করা না হলে আজ থেকে কঠোরতর কর্মসূচির ঘোষণা দিয়েছেন তাঁরা। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গতকাল রোববার সকাল সাড়ে ১০টায় ক্লাস-পরীক্ষার দাবিতে ক্যাম্পাসের ডায়ানা চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন সাধারণ শিক্ষার্থীরা। মিছিলটি প্রশাসন ভবনের সামনে এসে বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষার্থীদের ব্যানারে একটি মানববন্ধনে মিলিত হয়। মানববন্ধন শেষে বেলা সোয়া ১১টার দিকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে খুলনা-কুষ্টিয়া মহাসড়ক অবরোধ করে সমাবেশ করতে থাকেন। এ সময় চার শতাধিক গাড়ি আটকা পড়ে। দুপুর সাড়ে ১২টায় শিক্ষার্থীরা মহাসড়ক থেকে সরে এসে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক অবরোধ করে এক সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করেন। এতে বক্তব্য দেন ছাত্র ইউনিয়ন ইসলামী বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি রকিব মো. হাসান, আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে মো. সেলিম, মো. সবুজ প্রমুখ। বক্তব্যে তাঁরা বলেন, ‘বিশ্ববিদ্যালয় কোনো স্বার্থান্বেষী মহলের নয়, আমাদের শিক্ষার জায়গা। আমাদের ক্লাস-পরীক্ষা দ্রুত শুরু করতে হবে।’ বেলা পৌনে দুইটার দিকে শিক্ষার্থীরা অবরোধ ছেড়ে দিলে বিশ্ববিদ্যালয় থেকে কুষ্টিয়া-ঝিনাইদহগামী গাড়িগুলো ছেড়ে যায়। গত ৮ সেপ্টেম্বর বিভিন্ন দপ্তরে কর্মকর্তা-কর্মচারী নিয়োগ কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ে বোমা হামলা, চোরাগোপ্তা হামলা ও ভাঙচুরের কারণে বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস-পরীক্ষা ১৩ অক্টোবর পর্যন্ত বন্ধ ছিল। ১৪ অক্টোবর বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্যাম্পাস বন্ধ করে দেয়। এরপর গত ১০ নভেম্বর বিশ্ববিদ্যালয় খোলার পর শিক্ষকেরা প্রশাসনের তিন কর্তাব্যক্তির অপসারণের দাবিতে আন্দোলনে নামেন এবং তাঁদের অপসারণ না হওয়া পর্যন্ত একাডেমিক ও প্রশাসনিক সব কার্যক্রম বর্জনের ঘোষণা দেন। দীর্ঘ প্রায় সাড়ে তিন মাস থেকে বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক কার্যক্রম বন্ধ থাকায় ১২ হাজার শিক্ষার্থীর জীবন হুমকির মুখে পড়েছে। এ সময়ে স্থগিত হয়েছে বিভিন্ন বিভাগের প্রায় চার শতাধিক চূড়ান্ত পরীক্ষা। ফলে বিশ্ববিদ্যালয়ে দুই বছরের সেশনজটের আশঙ্কা দেখা দিয়েছে।