১৭ হাজার শিক্ষার্থীর জন্য শ্রেণিকক্ষ মাত্র ১৯টি। এ কারণে প্রায় প্রতিদিনই কোনো না-কোনো বিভাগের পূর্বনির্ধারিত ক্লাস বাতিল করতে হয় শিক্ষকদের। দীর্ঘদিন ধরেই এ অবস্থা চলছে রংপুর সরকারি কলেজে।
শ্রেণিকক্ষ-সংকটের কারণে ঝুঁকিপূর্ণ ভবনেও পাঠদান চলছে। এমনকি শীতকালে কলেজ মাঠে গাছের নিচেও পাঠদানের ব্যবস্থা করতে হয়।
রংপুর সরকারি কলেজে ১৪টি বিষয়ে অনার্স (স্নাতক সম্মান) ও সাতটি বিষয়ে মাস্টার্স (স্নাতকোত্তর) পড়ার সুযোগ রয়েছে। এ ছাড়া স্নতক (পাস) ডিগ্রি ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরাও লেখাপড়া করছেন। কলেজ কর্তৃপক্ষ বলছে, একসঙ্গে সব শিক্ষার্থীকে সুষ্ঠুভাবে পাঠদানের জন্য অন্তত ৫০টি শ্রেিণকক্ষ প্রয়োজন। কিন্তু চাহিদার এক-তৃতীয়াংশ শ্রেিণকক্ষও নেই। ফলে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে শিক্ষার কার্যক্রম।
কলেজের ব্যবস্থাপনা বিভাগের (স্নাতক) তৃতীয় বর্ষের ছাত্র হোসেন আলী বলেন, শিক্ষার্থীরা উপস্থিত থাকলেও শুধু শ্রেণিকক্ষ-সংকটের কারণে কোনো কোনো দিন ক্লাসই হয় না। শীতকালে খোলা মাঠে গাছের নিচেও ক্লাস নিয়েছেন শিক্ষকেরা।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন শিক্ষক বললেন, কক্ষ-সংকটে ক্লাস রুটিন ঠিক রাখা যায় না। কক্ষগুলো বড় নয়। গাদাগাদি করে বসে করতে হয় শিক্ষার্থীদের। তিনি জানান, কলেজে শিক্ষকের সংখ্যা ৬৯ জন। শিক্ষকের স্বল্পতা না থাকলেও শ্রেিণকক্ষ-সংকটের কারণেই পাঠদানে সমস্যা হচ্ছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, কলেজের চারটি ভবনের মধ্যে প্রধান ভবনটি (তিনতলা) ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। ১৯৬৬ সালে এটি নির্মিত হয়। এই ভবনে অধ্যক্ষের কার্যালয়, শিক্ষকদের কক্ষ রয়েছে। প্রশাসনিক কার্যালয়ও এই ভবনে। এ ছাড়া শ্রেণিকক্ষও রয়েছে। ঝুঁকিপূর্ণ হওয়া সত্ত্বেও এই ভবনে শিক্ষা ও প্রশাসনিক কাজ চলছে।
শিক্ষা ও প্রকৌশল বিভাগের রংপুর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী অরুণ কুমার সিংহ প্রথম আলোকে বলেন, প্রধান তিনতলা ভবনটি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এটি প্রায় পরিত্যক্ত। বিষয়টি ঢাকায় শিক্ষা ও প্রকৌশল বিভাগের অধিদপ্তরে জানানো হয়েছে।
২০১২ সালে ভূমিকম্পে কলেজের চারটি ভবনের মধ্যে দ্বিতীয় ভবনটিও ক্ষতিগ্রস্ত হয়। তিনতলা এই ভবনের নিচতলার একটি পিলারে সে সময় ফাটল দেখা দেয়। শিক্ষা ও প্রকৌশল বিভাগকে এই ভবনটিও পরিত্যক্ত ঘোষণা করে। পরে নতুন করে একটি পিলার স্থাপনসহ ভবনটি সংস্কার করা হয়।
রংপুর সরকারি কলেজের অধ্যক্ষ কানিজ উম্মে নাজমা নাসরীন কক্ষ-সংকটে শিক্ষার্থীদের পাঠদানে অসুবিধা হওয়ার কথা স্বীকার করেন। তিনি বলেন, প্রধান ভবনটিও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এই ভবনে ক্লাসসহ প্রশাসনিক সব কার্যক্রম পরিচালিত হয়।
অধ্যক্ষ বলেন, ‘শ্রেিণকক্ষ-সংকটের কারণে একটি নতুন ভবন নির্মাণ করা জরুরি হয়ে পড়েছে। এ ব্যাপারে অামরা উদ্যোগ নিয়েছি।’