ক্লাস করতে আসার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার সকাল সাড়ে আটটার দিকে বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলের সামনে থেকে তাঁকে আটক করা হয়।
আটক শিক্ষার্থীর নাম মাহফুজুর রহমান। তিনি বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং বিভাগের স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থী। তিনি সম্প্রতি একটি জাতীয় দৈনিকে শিক্ষানবিশ প্রতিবেদক হিসেবে যোগ দিয়েছেন।
সন্ধ্যায় শাহবাগ থানায় মাহফুজ জানান, তিনি সকালে বাসা থেকে ক্লাস করতে বিশ্ববিদ্যালয়ে আসছিলেন। আনন্দবাজারের একটি ফটোকপির দোকানে তাঁর জন্য এক সহপাঠী অপেক্ষা করছিলেন। তাঁর কাছ থেকে কয়েকটি শিট ফটোকপি করে নিয়ে আসার সময় হঠাৎ সেখানে পুলিশ এসে তাঁকে ধরে নিয়ে আসে। তাঁকে বলা হয়েছে, তাঁর বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ রয়েছে, অথচ ওই সময় সেখানে কোনো ককটেল ফাটেনি।
যোগাযোগ করা হলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর এম আমজাদ আলী বলেন, ওই ছাত্রকে সন্দেহবশত ধরলে হয়তো পুলিশ জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেবে।