টাঙ্গাইলের মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের খাদ্যপ্রযুক্তি ও পুষ্টিবিজ্ঞান বিভাগের (এফটিএনএস) ক্লাসগুলো সাড়ে তিন মাস পর গতকাল শনিবার খুলে দেওয়া হলেও শিক্ষার্থীরা যোগ দেননি। শিক্ষার্থীরা বলেছেন, প্রকৌশল ডিগ্রি প্রদান, নয় ছাত্রের বহিষ্কারাদেশ প্রত্যাহার এবং মামলা তুলে নেওয়া না হলে তাঁরা ক্লাসে যোগ দেবেন না।ওই বিভাগের শিক্ষার্থীরা বিএসসি সম্মান ডিগ্রির পরিবর্তে প্রকৌশল ডিগ্রির দাবিতে গত ১২ জুলাই থেকে আন্দোলন শুরু করেন। আন্দোলনের অংশ হিসেবে তাঁরা গত ২১ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে উপাচার্য, উপ-উপাচার্যসহ শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের অবরোধ করে রাখেন। পরে পুলিশ লাঠিপেটা করে আন্দোলনকারীদের হটিয়ে দেয়। এ সময় ১১ ছাত্রকে গ্রেপ্তার করা হয়। ওই দিনই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ খাদ্যপ্রযুক্তি ও পুষ্টিবিজ্ঞান বিভাগের ক্লাসগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেন। দীর্ঘদিন বন্ধ থাকার পর গত ৪ জানুয়ারি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে আন্দোলনরত নয়জন ছাত্রকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বরখাস্তের কথা জানান এবং ৮ জানুয়ারি খাদ্যপ্রযুক্তি ও পুষ্টিবিজ্ঞান বিভাগের ক্লাসগুলো খুলে দেওয়ার ঘোষণা দেন।আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, গতকাল শনিবার ক্লাসে মাত্র ছয়জন ছাত্রী গিয়েছিলেন। তাঁদেরও হলের সিট বরাদ্দ বাতিলের হুমকি দিয়ে কর্তৃপক্ষ ক্লাসে যোগদানে বাধ্য করে। বহিষ্কৃত ছাত্র আবদুল্লা আল হাদী জানান, প্রকৌশল ডিগ্রি প্রবর্তন এবং মামলা তুলে নেওয়া না হলে তাঁদের কেউ ক্লাসে যোগ দেবেন না। ওই বিভাগের শিক্ষার্থীরা গতকাল শনিবার উপাচার্যের কাছে স্মারকলিপিও দিয়েছেন। এ ব্যাপারে প্রক্টর মুহাম্মদ উমর ফারুক বলেন, সাধারণ শিক্ষার্থীরা ক্লাসে যোগ দিতে চাইলেও গুটিকয়েক ছাত্র তাঁদের ভয়ভীতি দেখিয়ে ক্লাসে যোগ দিতে বাধা দিচ্ছেন। তিনি বলেন, প্রকৌশল ডিগ্রি প্রদানের সুযোগ নেই। তবে তাঁরা ক্লাসে যোগ দিয়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখলে বহিষ্কারাদেশ প্রত্যাহার ও মামলা তুলে নেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে।