
সকাল ১০টায় শ্রেণিকক্ষে পাঠদান চলছিল। হঠাৎ ছাদের এক কোণ থেকে খসে পড়ে পলেস্তারা। আতঙ্কিত শিক্ষার্থীদের বের করে আনার পরপরই ধসে পড়ে ছাদের বিমের ঢালাইয়ের একাংশ। অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পায় কোমলমতি শিক্ষার্থীরা। গতকাল শনিবার পটুয়াখালীর সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের দক্ষিণ চান্দখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোনিয়া সুলতানা কলি জানান, জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের কর্মকর্তারা প্রায় এক বছর আগে জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ ভবনটি পরিত্যক্ত ঘোষণা করেন। কিন্তু বিকল্প কোনো ব্যবস্থা না থাকায় সেখানেই চলছিল ১২৫ শিশু শিক্ষার্থীর পাঠদান। এর মধ্যে গতকাল এ ঘটনা ঘটল। এতে ডালিয়া, আরাফাত, সুমন ও রাহাত নামের চার শিক্ষার্থী সামান্য আহত হয়।
সরেজমিনে দেখা যায়, স্কুলের ওই ভবনের সামনে অভিভাবকদের ভিড়। শ্রেণিকক্ষের ভেতরে মেঝেতে পড়ে আছে ছাদের পলেস্তারা ও বিমের ঢালাইয়ের খণ্ড খণ্ড অংশ। বিমের রড বেরিয়ে আছে।
পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীর অভিভাবক গোলাম মোস্তফা বলেন, অবিলম্বে নতুন ভবন নির্মাণের দাবি করে তিনি বলেন, তা না হলে শিশুদের লেখাপড়ায় বিঘ্ন ঘটবে।
স্কুল কর্তৃপক্ষ বলছে, ভবনটি ১৯৯৪-৯৫ অর্থবছরে নির্মাণ করা হয়। এরপর আর কোনো সংস্কারকাজ করা হয়নি। ভবনটি পরিত্যক্ত ঘোষণার পর স্কুলের নিজস্ব জমিতে নতুন ভবন নির্মাণের জন্য কয়েকবার সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করেছে কর্তৃপক্ষ। কিন্তু আজ পর্যন্ত কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তাই বাধ্য হয়ে ঝুঁকিপূর্ণ ভবনেই পাঠদান চলছিল। গতকালের ঘটনার পর শিক্ষার্থীদের কোথায় পাঠদান করা হবে, তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছে তারা।
জানতে চাইলে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুদ্দিন আহমেদ বলেন, নতুন ভবন নির্মাণ না হওয়া পর্যন্ত বিকল্প স্থানে পাঠদান কার্যক্রম চালিয়ে যেতে বলা হয়েছে।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হোসনে ইয়াসমিন করিমী বলেন, বিদ্যালয়ের ভবনটির জরাজীর্ণ অবস্থার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আগেই জানানো হয়েছে। বরাদ্দ এলে যাতে এখানে দ্রুত নতুন ভবন নির্মিত হয়, এ ব্যাপারে তাঁদের চেষ্টা থাকবে।