ক্লাস চলাকালে হামলা অধ্যক্ষসহ আহত ১৫
নাটোরের গুরুদাসপুর পৌর শহরের চাঁচকৈড় নাজিম উদ্দিন স্কুল অ্যান্ড কলেজে ক্লাস চলাকালে গতকাল বৃহস্পতিবার সন্ত্রাসী হামলা হয়েছে। সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে অধ্যক্ষের কক্ষ ভাঙচুর করে। এ সময় অধ্যক্ষ মো. আফসার আলী ও পরিচালনা কমিটির সভাপতি আনোয়ার হোসেনকে পিটিয়ে জখম করা হয়। এ দুজনকে বাঁচাতে গিয়ে কমপক্ষে ১৫ জন শিক্ষক আহত হন। পরিচালনা কমিটির সদস্য ও পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম বিপ্লবের নেতৃত্বে ওই হামলা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শিক্ষকেরা অভিযোগ করেন, ফয়সাল ও শিহাব নামে দুই বহিরাগত প্রতিষ্ঠানের ছাত্রীদের উত্ত্যক্ত করে। ওই দুই তরুণের অভিভাবকদের নিয়ে অধ্যক্ষের কক্ষে আলোচনা চলছিল। এ সময় বিপ্লবের নেতৃত্বে তাঁর ছোট ভাই সুজন, পৌর মেয়র শাহনেওয়াজ আলী মোল্লার ভাই ফারুক, তারেক, এমদাদ, সালাম মোল্লা, ভাতিজা জীবন মোল্লা, মান্নান ও রাজকুমার কাশীসহ ১৫-২০ জনের একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে প্রতিষ্ঠানে ঢুকে পড়ে। কোনো কিছু বুঝে ওঠার আগেই অধ্যক্ষের কক্ষে ভাঙচুর চালিয়ে ত্রাস সৃষ্টি করে। বিপ্লবের দাবি, ‘স্কুলের গাছ থেকে নারিকেল পাড়ার ঘটনায় শাওন নামের দশম শ্রেণীর এক ছাত্রকে বহিষ্কার করার অপচেষ্টার প্রতিবাদেই তাঁরা হামলা চালিয়েছেন। সেখানে আমি উপস্থিত থাকলেও এ ঘটনার সঙ্গে জড়িত নই।’ গুরুদাসপুর থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনো কেউ মামলা করতে আসেনি।