ক্লাস চলে জোড়াতালিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজে সার্জারি ও মেডিসিন বিভাগ ছাড়া অন্য সব বিভাগেই অধ্যাপকের পদ শূন্য। এ ছাড়া অধিকাংশ বিভাগে সহযোগী অধ্যাপকের পদে শিক্ষক নেই। এই শিক্ষকসংকট নিয়েই জোড়াতালি দিয়ে চলছে ক্লাস।
কলেজ কর্তৃপক্ষ বলছে, শূন্যপদ পূরণে সংশ্লিষ্ট ব্যক্তিদের একাধিকবার চিঠি দিয়েও কোনো লাভ হয়নি। এ অবস্থায় শিক্ষার্থীদের পাঠদান মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
মেডিকেল কলেজের প্রধান সহকারী মো. জব্বার প্রথম আলোকে বলেন, কলেজে শিক্ষকের অনুমোদিত পদ আছে ১৭৫টি। বর্তমানে অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক এবং প্রভাষকের ৫৮টি পদ শূন্য রয়েছে। ১১৭ জন শিক্ষক দিয়ে পাঠদান করায় শিক্ষকদের ওপর বাড়তি চাপ পড়ছে। কলেজ প্রশাসন জানায়, সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে ফরেনসিক মেডিসিন বিভাগ। এই বিভাগের অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক এবং প্রভাষকের আটটি পদের সাতটিই শূন্য। একজন সহকারী অধ্যাপক শিক্ষার্থীদের ক্লাস নেওয়া, ময়নাতদন্ত করা, প্রতিবেদন দেওয়াসহ সব কাজ করছেন।
বিভাগের সহকারী অধ্যাপক মো. আক্তারুজ্জামান অভিযোগ করেন, বেলা আড়াইটা পর্যন্ত দায়িত্ব থাকলেও মূলত সারা দিনই কাজ করতে হয়। অনেক সময় ময়নাতদন্তের প্রতিবেদন নিয়ে আদালতেও তলব করা হয়। এত কাজের পর শিক্ষার্থীদের ক্লাস চালানো কষ্টসাধ্য ব্যাপার।
বায়োকেমিস্ট্রি বিভাগেও অধ্যাপকের পদ নেই। সহযোগী অধ্যাপকের পদও শূন্য। চার প্রভাষকের জায়গায় আছেন তিনজন। একজন সহকারী অ্যধ্যাপক এবং তিনজন প্রভাষক নিয়ে কাজ চালিয়ে নেওয়া হচ্ছে।
ফার্মাকলোজি বিভাগের অধ্যাপকের পদ শূন্য। সহকারী অধ্যাপকের দুই পদের একটি এবং প্রভাষকের পাঁচ পদের তিনটিই শূন্য। প্যাথলজি বিভাগের অধ্যাপক, সহযোগী অধ্যাপক নেই। প্রভাষকের পাঁচ পদে আছেন তিনজন। এনাটমি বিভাগে অধ্যাপক নেই। সহযোগী অধ্যাপকের একটি পদ খালি।
মাইক্রোবায়োলজি, কমিউনিটি মেডিসিন এবং শিশু বিভাগে একজন করে সহযোগী ও সহকারী অধ্যাপক দায়িত্ব পালন করেছন। নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক বলেন, তিন বছর ধরে দন্ত বিভাগ চালু হয়েছে। প্রতি ব্যাচে ৫০ জন করে শিক্ষার্থী রয়েছেন। অথচ কোনো শিক্ষক দেওয়া হয়নি। বরিশাল মেডিকেল কলেজের অধ্যক্ষ রণজিৎ খাঁ বলেন, প্রতি মাসেই শূন্যপদ পূরণে স্বাস্থ্য মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়। কিন্তু লাভ হচ্ছে না। শিক্ষার্থীদের কথা চিন্তা করে অতিরিক্ত ক্লাস নেওয়ায় শিক্ষকদের ওপর চাপ বাড়ছে।