রাঙামাটি মেডিকেল কলেজে ক্লাস চালু না করার দাবি জানিয়েছেন রাঙামাটি থেকে নির্বাচিত সাংসদ ঊষাতন তালুকদার। পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিও এ দাবি জানিয়েছে। একই দাবিতে গতকাল বৃহস্পতিবার রাঙামাটি শহরে বিক্ষোভ করেছে সন্তু লারমা-সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদ।
গত বুধবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার মন্ত্রণালয়ে আয়োজিত এক বৈঠকে স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম দ্রুত রাঙামাটি মেডিকেল কলেজে ক্লাস শুরুর নির্দেশ দেন।
বিবৃতিতে আরও বলা হয়, বৈঠকে অন্যদের মধ্যে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ ও জনসংহতি সমিতির নেতা উপস্থিত ছিলেন। তবে জনসংহতি সমিতির দাবি, বিবৃতিতে উল্লিখিত এ তথ্য সঠিক নয়।
গতকাল সাংসদ ঊষাতন তালুকদার ও জনসংহতি সমিতির সহতথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা স্বাক্ষরিত পৃথক বিবৃতিতে মেডিকেল কলেজের ক্লাস চালু না করার দাবি জানানো হয়।
বিবৃতিতে ঊষাতন তালুকদার বলেন, ‘মেডিকেল কলেজ স্থাপনের বিষয়ে বিভিন্ন স্তরের জনগণের সঙ্গে আলোচনার প্রয়োজন রয়েছে, যা সময় সাপেক্ষ বিষয় বলে গত ১৭ ও ২৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সভায় আমি উল্লেখ করেছিলাম। তাই মেডিকেল কলেজ স্থাপনের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়।’
জনসংহতি সমিতির বিবৃতিতে বলা হয়, পার্বত্য চট্টগ্রামের অধিবাসীরা স্বাস্থ্যমন্ত্রীর এ ধরনের একতরফা সিদ্ধান্ত কখনোই মেনে নেবে না। এ সিদ্ধান্তকে কেন্দ্র করে উদ্ভূত যেকোনো পরিস্থিতির জন্য সরকার দায়ী থাকবে।
গতকাল বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের দক্ষিণ ফটকের সামনে পাহাড়ি ছাত্র পরিষদ আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, চুক্তি বাস্তবায়নের আগে মেডিকেল কলেজে ক্লাস শুরুর সিদ্ধান্ত পাহাড়ি ছাত্র পরিষদসহ পার্বত্য এলাকার স্থায়ী পাহাড়ি বাঙালি অধিবাসীরা কোনো দিন মেনে নেবে না। রাঙামাটি মেডিকেল কলেজে ভর্তি হওয়া শিক্ষার্থীদের অন্য মেডিকেল কলেজে পড়াশোনার সুযোগ দিতে সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা।
পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি জ্যোতিষ্মান চাকমার সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন পাহাড়ি ছাত্র পরিষদের সাবেক সভাপতি ও জনসংহতি সমিতির সদস্য উদয়ন ত্রিপুরা, পার্বত্য চট্টগ্রাম যুব সমিতির কেন্দ্রীয় তথ্য ও প্রচার সম্পাদক পাপুল বিকাশ চাকমা এবং পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সহসভাপতি রিপেশ চাকমা।