ক্লাস না করে পরীক্ষা দেওয়ার আবদার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলেজে নিয়মিত শ্রেণিকক্ষে উপস্থিত হননি, এমনকি টার্ম পরীক্ষায়ও অংশ নেননি এমন ১৫ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেওয়ার আবদার তুলেছেন৷ এই আবদার আদায়ে তাঁরা বিক্ষোভও করেছেন৷
গতকাল রোববার খুলনা মেডিকেল কলেজ ক্যাম্পাসে এই ঘটনা ঘটে৷
খুলনা মেডিকেল কলেজ সূত্রে জানা যায়, কলেজে প্রথম বর্ষ ও দ্বিতীয় বর্ষের প্রফেশনাল পরীক্ষার ফরম পূরণ শুরু হয়েছে৷ ওই পরীক্ষায় ফার্স্ট প্রফেশনালের নয়জন শিক্ষার্থী ও সেকেন্ড প্রফেশনালের ছয়জন শিক্ষার্থীকে ফরম পূরণের সুযোগ দেওয়া হয়নি৷ তাঁরা কলেজে নিয়মিত শ্রেণিকক্ষে উপস্থিত হননি, এমনকি টার্ম পরীক্ষায়ও অংশ নেননি৷ এঁদের মধ্যে বেশির ভাগই ছাত্রলীগের কর্মী৷
পরীক্ষার সুযোগ দেওয়ার দাবিতে গতকাল সকাল সাড়ে ১০টার দিকে তাঁরা উপাধ্যক্ষ ধীরাজ মোহন বিশ্বাসের কক্ষের সামনে জড়ো হন৷ পরে সাধারণ শিক্ষার্থীর ব্যানারে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন৷