ক্লাস-পরীক্ষা চালুর ঘোষণা দিয়ে অবরোধমুক্ত উপাচার্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্লাস-পরীক্ষা ফের চালুর ঘোষণা দিয়েই অবরোধমুক্ত হলেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আমিনুল হক ভূইয়া। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এ ঘোষণা দেওয়ার আগে প্রায় ২২ ঘণ্টা তাঁকে তাঁর কার্যালয়ে অবরুদ্ধ করে রাখেন শিক্ষার্থীরা।

আধিপত্য বিস্তার নিয়ে গত মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যলয় ছাত্রলীগের দুপক্ষের পাল্টাপাল্টি ধাওয়া, গুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপর সংঘর্ষ এড়াতে গত বুধবার সকালে জরুরি সিন্ডিকেট সভা করে ক্লাস-পরীক্ষা বন্ধের ঘোষণা দেওয়া হয়। কিন্তু এর প্রতিবাদে ওই দিন বেলা দেড়টা থেকে উপাচার্যকে তাঁর কার্যালয়ে অবরুদ্ধ করে রাখেন শিক্ষার্থীরা। এ অবস্থায় কার্যালয়ে উপাচার্যসহ শিক্ষক ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের বেশ কয়েকজন কর্মকর্তা-কর্মচারী অবরুদ্ধ হন। সন্ধ্যার পর আন্দোলনকারীরা কার্যালয়ের বিদ্যুৎ-সংযোগ ও পানি সরবরাহ ব্যবস্থা বিচ্ছিন্ন করে দেন।

অবরুদ্ধ থাকা অবস্থায় বুধবার রাতেই বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন গতকাল সকালে আবার জরুরি সিন্ডিকেট সভা আহ্বানের সিদ্ধান্তের কথা জানান শিক্ষার্থীদের। সে অনুযায়ী গতকাল সকালে সিন্ডিকেটের সভা হয়। সভা শেষে সোয়া ১১টার দিকে সিন্ডিকেট সদস্য কবির হোসেন বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্ত ঘোষণা করলে আন্দোলনকারীরা উপাচার্যের কার্যালয় ছেড়ে চলে যান।

গতকাল সন্ধ্যায় উপাচার্য মো. আমিনুল হক ভূঁইয়া প্রথম আলোকে বলেন, শিক্ষক-শিক্ষার্থীদের চেষ্টায় বিশ্ববিদ্যালয়ের স্থিতিশীলতা বজায় থাকবে বলে তিনি আশা করেন।

ছাত্রলীগের দুপক্ষের পাল্টাপাল্টি ধাওয়ার পর সংঘর্ষ এড়াতে ৬ জানুয়ারি পর্যন্ত ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করা ছাড়াও কর্তৃপক্ষ ক্যাম্পাসে অনির্দিষ্টকালের জন্য সভা-সমাবেশ, মিছিল ও স্লোগান নিষিদ্ধ ঘোষণা করে। বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্ত হলেও এটা বহাল থাকবে। এ ছাড়া ২৪ ডিসেম্বর পর্যন্ত বন্ধ থাকবে হলগুলো। সিদ্ধান্ত হয়েছে ২৫ ডিসেম্বর আবাসিক হলে শুধু বৈধ ছাত্রদের তোলা হবে।